শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, তিশার অভিষেক নিয়ে অনিশ্চয়তা
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রথম সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন। তবে সেই আনন্দে এখন মেঘ জমতে শুরু করেছে। ‘সোলজার’ সিনেমায় কিং খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি। গত বছর অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল।
সেই সময় আড়াই মিনিটের একটি ভিডিও প্রকাশ করে ডিসেম্বরে সিনেমাটির মুক্তির সম্ভাব্য সময় জানানো হয়েছিল। কিন্তু পরে মুক্তির দিন পরিবর্তন করে ২০২৬ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়।
এখন বছরের শেষ প্রান্তে, কিন্তু সিনেমার শুটিং এখনও শেষ হয়নি। জানা গেছে, অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ৯-১০ দিনের শুটিং শিডিউল প্রয়োজন, যা নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
এদিকে শিগগিরই ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামে দুটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। এর মধ্যে ‘সোলজার’-এর জন্য আলাদা শিডিউল তৈরি করা সম্ভব হবে কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে তানজিন তিশার অভিষেক সিনেমাটি কবে মুক্তি পাবে, তা নিয়ে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না।
সম্প্রতি শাকিব খানের ম্যানেজার মনির জামান বলেন, ‘গত কয়েক বছরে শাকিব খানের কোনও ছবির শুটিং নিয়ে এতটা গড়িমসি হয়নি। বারবার শুটিংয়ের শিডিউল নেওয়া হয়েছে, কিন্তু পরিচালক শুটিং শুরু করতে পারেননি। যে কয়বার শিডিউল নেওয়া হয়েছে, সেই সময়ের মধ্যে দুই-তিন সিনেমার শুটিং শেষ করা সম্ভব হতো। কিন্তু তারা পারেননি।’