‘ক্লেফেইস’: পরিচয় বদলের আতঙ্ক নিয়ে আসছে নতুন সিনেমা
ডিসি কমিকসের পরিচিত খলচরিত্র ক্লেফেইসকে নিয়ে তৈরি সুপারহিরো-হরর সিনেমা ‘ক্লেফেইস’ আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে ছবিটি।
পরিচালনা করেছেন জেমস ওয়াটকিন্স। অভিনয়ে আছেন টম রিস হ্যারিস, নাওমি অ্যাকি, ম্যাক্স মিঙ্গেলা, ডেভিড ডেনসিক ও এডি মারসনসহ আরও অনেকে।
ব্যাটম্যানের জগতে ক্লেফেইস এমন একটি চরিত্র, যার শরীর কাদার মতো রূপ বদলাতে পারে। ইচ্ছেমতো চেহারা পাল্টে সে অন্য মানুষের রূপও নিতে পারে। তাই ছবির গল্পে রহস্য, আতঙ্ক ও পরিচয়সংকট বড় জায়গা দখল করে আছে।
কাহিনির কেন্দ্রে ম্যাট হ্যাগেন নামের গোথামের এক উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা, যিনি ক্রমে হলিউডের তারকা হয়ে ওঠেন। এক স্থানীয় অপরাধী দলের প্রধানের কারণে তার মুখ ভয়াবহভাবে বিকৃত হলে পেশা, ব্যক্তিজীবন ও ভবিষ্যৎ সবই এলোমেলো হয়ে যায়।
কাছের মানুষেরা ছেড়ে যাওয়ার পর ম্যাট আগের চেহারা ফিরে পেতে একটি আধুনিক চিকিৎসাপদ্ধতির সাহায্য নেন। চেহারা ফিরলেও শুরু হয় ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া। শরীর ও মনে অস্বাভাবিক পরিবর্তন আসে, ধীরে ধীরে তিনি নিজের পরিচয় ও মানবিকতা হারাতে থাকেন, আর প্রতিশোধের তাড়না ভয়ংকর রূপ নেয়।
ছবিটি গতানুগতিক সুপারহিরো অ্যাকশন নয়; এর মূল জোর হরর, বিশেষ করে বডি হররে। মুখ গলে যাওয়া, শরীরের আকৃতি বদলে যাওয়ার অস্বস্তিকর দৃশ্য, মানসিক বিপর্যয় আর বৈজ্ঞানিক পরীক্ষার ভয়াবহ পরিণতি এতে উঠে এসেছে।
পরিচালক জেমস ওয়াটকিন্সের সঙ্গে চিত্রনাট্যকার হিসেবে মাইক ফ্ল্যানাগানের নাম যুক্ত থাকায় সিনেমাটি নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। তুলনামূলক কম পরিচিত এই ভিলেনকে প্রচলিত সুপারহিরো ছকের বাইরে এনে হরর ঘরানায় দাঁড় করানোই ছবির বড় বৈশিষ্ট্য।