মধ্যপ্রাচ্যের উত্তেজনায় পাঁচ মাসের সর্বোচ্চে উঠল অপরিশোধিত তেলের দাম

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি বাজার। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা এবং সৌদি আরবের তেল স্থাপনায় হুতিদের আক্রমণের প্রভাবে বৃহস্পতিবার (২২ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক দিনে ৩ শতাংশের বেশি বেড়ে গত পাঁচ মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে।

ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৩৫ ডলার (৩ দশমিক ০৮ শতাংশ) বেড়ে দাঁড়ায় ১১২ দশমিক ১৭ ডলারে। গত ১৮ মের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ দর। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৬৮ ডলার (২ দশমিক ৭৬ শতাংশ) বেড়ে হয় ৯৯ দশমিক ৮৩ ডলার।

জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর উদ্যোগগুলো বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। হরমুজ প্রণালিতে জাহাজে হামলা ও সৌদির তেল অবকাঠামোয় হুতিদের আঘাত নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। তাঁর ধারণা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে সংঘাত কমার সম্ভাবনা কম, তাই অদূর ভবিষ্যতে তেলের দাম উঁচুতেই থাকতে পারে।

মরগান স্ট্যানলির বিশ্লেষকদের হিসাবে, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে দৈনিক প্রায় ১ কোটি ৭০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়েছে।

এদিকে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সৌদি আরবে মার্কিন দূতাবাস ও মিশনের কয়েকজন কূটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যদের দেশ ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি মার্কিন মিশন থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার পরিকল্পনাও করছে ওয়াশিংটন।

বুধবার ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। দাম্মামের একটি বেসামরিক বিমানবন্দরে হামলায় অন্তত দুজন নিহত ও কয়েকজন আহত হন। এ ছাড়া একটি তেলক্ষেত্রে ড্রোন হামলায় আরও দুজনের মৃত্যু হয়।

All Categories