মেসিকে এক নজর দেখতে নিজের হাত কাটলেন ভক্ত

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে স্পেনে পৌঁছেছেন লিওনেল মেসি। স্ত্রী আন্তোনেলাকে সঙ্গে নিয়ে ওবিয়েদো শহরে সময় কাটাচ্ছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তাঁকে এক নজর দেখতে শহরজুড়ে ভিড় করছেন ভক্তরা। এর মধ্যে এক ভক্ত অফিস থেকে ছুরি এনে নিজের হাতই কেটে ফেলেছেন বলে জানা গেছে।

হাজারো ভক্তের উল্লাস ও করতালির মধ্য দিয়ে মেসিকে স্বাগত জানানো হয়। সকাল প্রায় ৭টায় তিনি শহরে পৌঁছে হোটেল দে লা রেকনকিস্তায় ওঠেন।

অল্প সময়ের মধ্যেই হোটেলের মূল ফটকে ভক্ত ও সংবাদকর্মীদের ভিড় জমে যায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কালো আনুষ্ঠানিক পোশাকে বাইরে আসেন মেসি।

এরপর ভক্তদের সঙ্গে ছবি তোলেন তিনি। আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সি, পতাকাসহ নানা সামগ্রীতে অটোগ্রাফ দেন। ভক্তদের কাছ থেকে উপহারও পান; তার মধ্যে ছিল আর্জেন্টিনার মিষ্টি ও কর্নস্টার্চে তৈরি আলফাখোরেস নামের বিশেষ বিস্কুটের একটি ট্রে।

শহরের মানুষ মেসিকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি। স্থানীয় ক্রীড়া সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসিকে কাছ থেকে দেখতে কাজে না গিয়ে ছুটি পাওয়ার উদ্দেশ্যে এক তরুণ ইচ্ছা করেই নিজের হাত কেটেছেন।

সূচি অনুযায়ী মেসি স্পোর্টস প্যালেসে স্কুলপড়ুয়া শিশু-কিশোরদের সঙ্গে কথা বলবেন। সন্ধ্যায় স্পেনের রাজা-রানি ও অন্য পুরস্কারজয়ীদের সঙ্গে নৈশভোজে থাকবেন তিনি।

দুপুরে হোটেলে অন্য বিজয়ীদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন মেসি। সেখানে আস্তুরিয়াসের রাজকুমারী লিওনর তাঁর হাতে একটি স্মারক পিন তুলে দেবেন।

আজ শুক্রবার বিকালে ওবিয়েদোর কাম্পোয়ামোর থিয়েটারে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ক্রীড়াঙ্গনের উজ্জ্বল ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বের সবচেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে তাঁর প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা।

পুরস্কার পেয়ে আনন্দিত মেসি এ সময় প্রয়াত বাবাকে স্মরণ করেন। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব খুশি। এই পুরস্কার নিয়ে আমার বাবা খুবই উচ্ছ্বসিত ছিলেন। অনেক ম্যাচের কারণে এখানে আসা কঠিন হবে, সেটা আমরা জানতাম। কিন্তু বাবা বারবার জোর দিচ্ছিলেন, যেন আমরা আসি, কয়েকটা দিন এখানে কাটাই এবং পুরস্কারটি নিই।’

মেসি আরও বলেন, ‘মাঠে একজন মানুষ যা করে, কিংবা পেশাদার ক্যারিয়ারে আমি যা করেছি, এই পুরস্কার তার চেয়েও বেশি কিছুর স্বীকৃতি। আমি নিশ্চিত, বাবা এটা দেখলে খুব খুশি হতেন। আমার বিশ্বাস, তিনিও এখন এটা উপভোগ করছেন।’

অনুষ্ঠান শেষে নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন মেসি। শনিবার মেজর লিগ সকারে তাঁর ক্লাব ইন্টার মায়ামি নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে।

All Categories