দ্রুততম ওয়ানডে ডাবল সেঞ্চুরি হ্যারি ব্রুকের, ছাড়িয়ে গেলেন গিলকে
ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে মাত্র ১১৪ বলে দুইশ রান ছুঁয়ে তিনি এই ফরম্যাটের দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক হয়েছেন। ওয়ানডেতে দ্বিশতক হাঁকানো প্রথম ইংলিশ ব্যাটারও এখন তিনি।
এতদিন এই কীর্তি ছিল ভারত অধিনায়ক শুভমান গিলের নামে। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৩ বলে অপরাজিত ২২৩ করার পথে ১১৭ বলেই দুইশ পূর্ণ করেছিলেন গিল। ব্রুক সেই রেকর্ড ভেঙেছেন তিন বল কম খেলে।
ইনিংসের শুরুটা ছিল সংযত। ৭৫ বলে সেঞ্চুরি পেরোনোর পর অবশ্য ঝড় তোলেন ব্রুক। ৪১তম ওভারে দাসুন শানাকার এক ওভার থেকে নেন ২০ রান, তাতে দিশেহারা হয়ে পড়ে লঙ্কান বোলিং।
আসিথা ফার্নান্দোকে রিভার্স স্কুপে মেরে পৌঁছান ১৫০-এ। দ্বিশতকের পথে একটি বড় ধাক্কাও সামলাতে হয়েছে তাঁকে; ৪৯তম ওভারে ১৮৫ রানে থাকতে তাঁর ক্যাচ ফেলে দেন ফিল্ডাররা।
শেষ ওভারে ডাবল সেঞ্চুরির জন্য দরকার ছিল ১৪ রান। প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি, এরপর দুটি দুই রান নিয়ে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে স্কুপে বাউন্ডারি মেরে লক্ষ্যে পৌঁছান। তাঁর ইনিংসটি সাজানো ছিল ২১টি চার ও ১০টি ছক্কায়।
শেষ বলে জেনিথ লিয়ানাগের শিকার হয়ে ফেরেন ব্রুক। তখন ইংল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ৪২৯ রান। শেষদিকে উইল জ্যাকস ৩০ বলে অপরাজিত ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। জো রুট ও ওপেনার টম ব্যান্টনও করেন অর্ধশতক।