প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য: রাজশাহীর যুবক ও তার বাবা ডিবি হেফাজতে
রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের একটি ছবির নিচে ফেসবুকে ‘স্নাইপার’ নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক যুবক ও তার বাবাকে আটক করা হয়েছে। বর্তমানে তারা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে রয়েছেন।
আটক যুবকের নাম মো. আবু বকর সিদ্দিক। তার বাবা মো. আয়নাল হকও আটক হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহীর পবা উপজেলার একটি গ্রামে অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ তাদের আটক করে। পরে দুজনকে ঢাকায় নিয়ে ডিবির কাছে হস্তান্তর করা হয়। এসআরবি-৫-এর অধিনায়ক লে. কর্নেল ফয়সাল ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্তারিত তথ্য ডিবিই দেবে।
পুলিশ ও অন্যান্য সূত্রের তথ্যমতে, বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ও চন্দ্রিমা থানার একটি দল যুবকের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে বিকেলে এসআরবির দল গিয়ে বাবাকে আটক করে। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মামার বাড়ি থেকে ছেলেকে ধরা হয়।
গত ২০ অক্টোবর প্রধানমন্ত্রী রাজশাহী সফরে এসে বিমানবন্দর থেকে নগরীতে যাওয়ার সময় নির্ধারিত বুলেটপ্রুফ বাসের বদলে রুয়েটের একটি বাস ব্যবহার করেন। সেই বাসে বসা তার ছবি একটি ফেসবুক পেজে প্রকাশের পর আবু বকর মন্তব্যের ঘরে লেখেন, ‘ইস! একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপারের অভাব ছিল।’ মন্তব্যটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উদ্বেগ দেখা দেয়।
পরিবার সূত্রে জানা গেছে, আবু বকর রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পড়াশোনার পাশাপাশি ভ্যানে সবজি পরিবহন করেন। তার বাবা কৃষক। প্রতিবেশীরা তাকে ভালো ছেলে হিসেবে জানেন। তার মা দাবি করেছেন, ছেলেকে এ ঘটনায় ফাঁসানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে চন্দ্রিমা থানার ওসি যুবকের বাড়িতে প্রায় এক ঘণ্টা তল্লাশি চালান, তবে জব্দ করার মতো উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি; শুধু একটি পেনড্রাইভের মোড়ক নেওয়া হয়। ওসি জানান, আবু বকরের বিরুদ্ধে আগে কোনো মামলা বা অভিযোগের তথ্য নেই এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততাও পাওয়া যায়নি। কলেজের শিক্ষক জানান, কলেজে তার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল না।