রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড, ৪০ জন আহত
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শর্টসার্কিট থেকে লাগা আগুনের ঘটনায় আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে অন্তত ৪০ জন রোগী ও তাদের স্বজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে হাসপাতালের নিচতলায় বিদ্যুতের কন্ট্রোল রুমসংলগ্ন একটি সুইচ বোর্ডে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রায় ছয় ঘণ্টা পুরো হাসপাতাল বিদ্যুৎহীন থাকে। পরে কয়েকটি ওয়ার্ডে আংশিক সংযোগ দেওয়া হলেও নেফ্রোলজি, হৃদরোগ, গাইনি ও কিডনি ডায়ালাইসিস ওয়ার্ড অন্ধকারেই ছিল। ফলে জরুরি অপারেশনসহ নানা চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ, রোগী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন ছড়িয়ে পড়ার পর পাঁচতলা থেকে দোতলা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডের রোগী ও স্বজনরা একসঙ্গে নিচে নামতে শুরু করেন। হুড়োহুড়িতে পড়ে গিয়ে অন্তত ৪০ জন আহত হন।
নেফ্রোলজি ওয়ার্ডের রোগী সফিউল আলমকে কোলে করে নামানোর সময় তার দুই ভাতিজা পড়ে গিয়ে আহত হন। গাইনি ওয়ার্ডে নবজাতকদের নিয়ে নামতে গিয়েও কয়েকজন শিশু আঘাত পায়। পাঁচ দিন আগে কন্যাসন্তানের জন্ম দেওয়া মমতাজ বেগম জানান, আগুনের খবরে শিশুকে নিয়ে নামতে গিয়ে তিনিও আহত হন।
বিকাল ৪টা পর্যন্ত পরিচালকের কার্যালয়, হৃদরোগ বিভাগ, প্যাথলজি, চর্ম ও যৌন এবং কিডনি ডায়ালাইসিস ওয়ার্ডে বিদ্যুৎ ফেরেনি। তীব্র গরমে রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
হাসপাতালের উপপরিচালক ডা. মোহা. আব্দুল মোকাদ্দেম বলেন, শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। সব ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।