অস্ট্রেলিয়ার পেসার মেগান শাট নিষিদ্ধ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ পারফরম্যান্সের পর অস্ট্রেলিয়ার পেসার মেগান শাট মাঠের বাইরের একটি ঘটনায় আলোচনায় এসেছেন। প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের নিয়ম ভাঙার কারণে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ৩৩ বছর বয়সী এই পেসার নিজের ভুল স্বীকার করে প্রত্যাশিত মান ধরে রাখতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, প্রেসক্রিপশনের ওষুধ নিয়ে স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিনের নির্দেশনার শর্ত মানেননি শাট।

সংস্থাটির ভাষ্য, ঘটনাটি প্রতিযোগিতার বাইরে একবারই ঘটেছে এবং এতে পারফরম্যান্স বাড়ানোর কোনো উদ্দেশ্য ছিল না।

বিবৃতিতে আরও বলা হয়, শাটকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করা সবার কাছ থেকে প্রত্যাশিত মান ও দায়িত্বশীলতা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হবে।

এই নিষেধাজ্ঞার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামা হচ্ছে না শাটের। চলতি মাসের শেষ দিকে নারীদের বিগ ব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রথম ম্যাচও তিনি মিস করবেন।

শাস্তির সিদ্ধান্ত পুরোপুরি মেনে নিয়েছেন জানিয়ে শাট বলেন, প্রত্যাশিত মান বজায় রাখতে না পারার জন্য তিনি দুঃখিত।

ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার জার্সিতে এ পর্যন্ত ১১৪টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। এখন তাকে ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের শেষ ম্যাচ ও বিগ ব্যাশের শুরুর ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়াকে।

All Categories