জেমস অ্যান্ডারসনের ভবিষ্যৎ অনিশ্চিত, নতুন চুক্তি দিচ্ছে না ল্যাঙ্কাশায়ার

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন বেশ আগেই, কিন্তু লাল বলের টান আর উইকেটের নেশা এখনো তাঁকে মাঠে ধরে রেখেছে। বয়স ৪৪ হলেও কাউন্টি ক্রিকেটে দাপটের সঙ্গে বোলিং করছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। এবার তাঁর ২৬ বছরের পেশাদার ক্যারিয়ারে ইতি টানার আশঙ্কা দেখা দিয়েছে, কারণ ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটশিকারিকে নতুন চুক্তি দেওয়ার প্রস্তাব রাখছে না ল্যাঙ্কাশায়ার।

খবরটি প্রথম প্রকাশ করেছে দ্য টাইমস। প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের গ্রীষ্মে ওল্ড ট্রাফোর্ডে অ্যান্ডারসনকে দেখা যাবে না; ওই গ্রীষ্মেই তাঁর বয়স ৪৫ ছুঁইছুঁই। তবে তিনি এখনই অবসর নিচ্ছেন কি না, তা নিশ্চিত নয়। চাইলে অন্য কোনো কাউন্টি দলে যোগ দিয়ে খেলা চালিয়ে যাওয়ার সুযোগও থাকছে তাঁর সামনে।

২০২৪ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পরও ল্যাঙ্কাশায়ারে খেলা চালিয়ে যান তিনি এবং গত মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্বও দিয়েছেন। যদিও দ্বিতীয় বিভাগে তলানিতে থেকে মৌসুম শেষ করেছে ল্যাঙ্কাশায়ার, অ্যান্ডারসনের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ২০২৬ সালের চ্যাম্পিয়নশিপে তিনি শিকার করেছেন ৫০ উইকেট, আর ডিভিশন টুতে তাঁর চেয়ে বেশি উইকেট পেয়েছেন মাত্র ছয়জন বোলার। এই কীর্তির জন্য তিনি দলের বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন।

ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর উইকেট ৪৪৩টি। পাশাপাশি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৮৩টি এবং টি-টোয়েন্টিতে ৫০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। এমন রেকর্ডের পরও চুক্তি না পাওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

All Categories