প্রথম সপ্তাহেই রেকর্ড গড়ল রজনীকান্তের ‘জেলার ২’

প্রথম সপ্তাহেই রেকর্ড গড়ল রজনীকান্তের ‘জেলার ২’

রজনীকান্ত অভিনীত ও নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। ২০২৩ সালের সুপারহিট ছবি ‘জেলার’-এর এই সিকুয়েল দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, আয়ের দিক থেকেও দেশ-বিদেশে দারুণ ব্যবসা করছে।

যদিও প্রথম ছবির মোট আয় এখনো টপকাতে পারেনি ‘জেলার ২’। তবে মুক্তির প্রথম সপ্তাহ শেষে এটি সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল ছবির তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে।

সপ্তাহখানেকের মধ্যেই মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’ এবং লোকেশ কানাগরাজের ‘কুলি’র জীবনকালের আয় ছাড়িয়ে গেছে ছবিটি। পাশাপাশি ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় ছবিগুলোর মধ্যে আয়ের হিসাবে এখন এর অবস্থান দ্বিতীয়।

বাণিজ্য বিশ্লেষকদের তথ্য বলছে, ভারতে ‘জেলার ২’-এর নিট আয় ৩১৭ কোটি ২০ লাখ রুপি, আর মোট আয় ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি। বিদেশের বাজার থেকে এসেছে আরও ২০৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী আয় ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।

এই অঙ্কে অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর ২০ দিনের আয়কেও পেছনে ফেলেছে ছবিটি, যা এখন পর্যন্ত প্রায় ৫৬০ কোটি রুপি আয় করেছে। ফলে চলতি বছরের সর্বোচ্চ আয়ের ভারতীয় ছবির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ‘জেলার ২’।

চলতি বছরের শীর্ষ আয়ের ছবিগুলো হলো- ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (১,৮১৩ কোটি রুপি), জেলার ২ (৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি), দৃশ্যম: দ্য কনক্লুশন (৫৬০ কোটি রুপি), হনুমান অংশ (৪৫১ কোটি রুপি) ও বর্ডার ২ (৪৫০ কোটি রুপি)।

ছবিটি প্রযোজনা করেছেন সান পিকচার্সের কালানিধি মারান। এতে আগের ছবির চরিত্রেই আবার দেখা গেছে রজনীকান্ত, রম্যা কৃষ্ণান, মির্না ও ঋত্বিককে। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান।

All Categories