ফারিয়া বিয়ের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন
জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিং সম্পন্ন করেছেন, যা পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এছাড়া তার ‘লজ্জা’ সিনেমার শুটিংও ৬০ শতাংশ শেষ হয়েছে।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বিয়ে নিয়ে কথা বলেন ফারিয়া। তিনি জানান, কবে তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন।
বিয়ে নিয়ে সমাজে প্রতিষ্ঠিত নারীদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। নির্দিষ্ট বয়সে বিয়ে করা উচিত, নাকি মানসিক পরিপক্বতা ও পারস্পরিক বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ? এমন প্রশ্নের উত্তরে নুসরাত ফারিয়া বলেন, ‘নির্দিষ্ট বয়স বলতে আসলে কী বোঝায়? আমার মনে হয় বয়সের চেয়ে ম্যাচিউরিটি বেশি গুরুত্বপূর্ণ—নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই। একা থাকা সহজ, কিন্তু সংসার করতে হলে বিশেষ বুদ্ধিমত্তা, ধৈর্য ও বোঝাপড়া প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘জীবনসঙ্গী নির্বাচনের আগে মানুষটিকে ভালোভাবে চেনা, বোঝা এবং নিজের অহংবোধ নিয়ন্ত্রণও জরুরি। আমার বিয়ের সিদ্ধান্তও নেব তখনই, যখন মনে হবে জীবনের এই পর্যায়ে এসে কিছুটা থিতু হতে চাই। আর বিয়ের পর নতুন কোনও লক্ষ্যে ছুটতে ইচ্ছা করলে জীবনসঙ্গীকে সঙ্গে নিয়ে ছুটবো। আশা করছি, এই মানসিক প্রস্তুতি শিগগিরই চলে আসবে, তখন বিয়ে করবো।’
প্রেম কিংবা বিয়ের ক্ষেত্রে একজন মানুষকে বেছে নেওয়ার সময় কোন গুণটি সবচেয়ে জরুরি সেটি নিয়েও ফারিয়া কথা বলেন। তার মতে, ‘আমার কাছে বন্ধুত্ব সবচেয়ে জরুরি। দুজন মানুষের একে অপরকে ভালো লাগতে হবে, একসঙ্গে সময় কাটিয়ে আনন্দ পেতে হবে। জীবনে অনেক কিছু বদলে যাবে, সন্তান বড় হয়ে নিজের পথে চলে যাবে; দিন শেষে দুজন মানুষই একসঙ্গে থাকবে। তাই সারা জীবন যার সঙ্গে থাকতে ভালো লাগে, এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া জরুরি।’