বলিউডের তিন তারকাকে হামলার ছক, তিন মাস ধরে চলছিল প্রস্তুতি
টাইগার শ্রফের ওপর হামলার তদন্তে বলিউড তারকাদের ঘিরে বিষ্ণোই গ্যাংয়ের নতুন নীলনকশা সামনে এসেছে। এর আগেও সালমান খান, রণবীর সিং ও রোহিত শেঠির মতো তারকার ওপর গ্যাংটির হামলার ঘটনা আলোচনায় এসেছিল। টাইগার-কাণ্ডে এ পর্যন্ত দশজন গ্রেপ্তার হয়েছেন, আর তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য মিলেছে, যা পুলিশকেও চমকে দিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, গত এক মাসে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা শুধু টাইগারের বাড়ির আশপাশেই নয়, সালমান খান, রণবীর কাপুর ও আমির খানের বাড়ির চারপাশেও রেকি করেছে।
গত সোমবার রাজস্থান পুলিশ কোটা থেকে তিনজনকে ধরে। তারা হলেন ফুল সিং, রেহান আনসারি ও তাদের সহযোগী ঋত্বিক কুমার, যিনি রোশন রামু মাহাতো নামেও পরিচিত। জেরায় তারা জানান, টাইগার আসলে গ্যাংয়ের প্রধান লক্ষ্য ছিলেন না; নিরাপত্তা দুর্বল থাকায় তাকে বেছে নেওয়া হয়।
আরও জানা গেছে, আরেক তারকা নিশানায় থাকলেও কড়া নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা সফল হয়নি।
বুধবার (২১ অক্টোবর) অস্ত্র জোগানোর অভিযোগে দিল্লি ও হরিয়ানা থেকে আরও চারজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে রাধা ও ববিতা নামে দুই নারীকে নয়াদিল্লি রেলস্টেশন থেকে এবং কুনাল ও সুমিতকে হরিয়ানার সোনিপত থেকে ধরা হয়। পুলিশের ভাষ্য, কুনাল সম্প্রতি জামিনে কারামুক্ত হন এবং এক বন্ধুর মাধ্যমে গ্যাং সদস্য অনিল পণ্ডিতের সংস্পর্শে আসেন।