মডার্নার ত্বকের ক্যানসারের টিকায় উল্লেখযোগ্য সাফল্য

ব্যক্তিভিত্তিক এমআরএনএ টিকা ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। মেলানোমা বা ত্বকের ক্যানসারে আক্রান্ত রোগীদের ওপর পরিচালিত একটি ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর এই টিকা গ্রহণকারীদের দুই বছরের মধ্যে ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি টিকা না নেওয়া রোগীদের তুলনায় ৪২ শতাংশ কম ছিল। তবে রোগীদের দীর্ঘমেয়াদী বেঁচে থাকার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

মার্ক ও মডার্না পরীক্ষামূলক টিকাটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল পরীক্ষার পূর্ণাঙ্গ ফল প্রকাশ করেছে। গবেষণার ফলাফল প্রথমে মাদ্রিদে ইউরোপীয় সোসাইটি ফর মেডিক্যাল অনকোলজির কংগ্রেসে উপস্থাপনের কথা থাকলেও কিছু তথ্য ফাঁস হওয়ায় তা আগেই প্রকাশিত হয়।

আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চের নবনির্বাচিত সভাপতি ডা. রবার্ট ভন্ডারহাইড বলেন, মেলানোমায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় এটি একটি নতুন পদ্ধতি হতে পারে। তাঁর মতে, গবেষণায় পাওয়া ফলাফল ক্যানসার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতির সমপর্যায়ের।

গবেষণায় ১ হাজার ১৩৭ জন মেলানোমা রোগী অংশগ্রহণ করেন। তাদের অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণের পর পেমব্রোলিজুমাব (কিট্রুডা) নামের একটি ইমিউনোথেরাপির ওষুধ দেওয়া হয়, যা রোগপ্রতিরোধ ব্যবস্থার নির্দিষ্ট বাধা দূর করে।

অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশকে দৈবচয়নের ভিত্তিতে পরীক্ষামূলক এমআরএনএ টিকা দেওয়া হয়, মোট ৯টি ডোজ। বাকি এক-তৃতীয়াংশ পান প্লাসিবো।

টিকাটির বিশেষত্ব হলো, এটি প্রত্যেক রোগীর টিউমারের বৈশিষ্ট্য অনুযায়ী তৈরি করা হয়। এতে রোগীর টিউমারে থাকা সর্বোচ্চ ৩৪টি নির্দিষ্ট ‘নিওঅ্যান্টিজেন’ বা নতুন ধরনের প্রোটিনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়। এর উদ্দেশ্য রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ওই প্রোটিনগুলো শনাক্ত করতে শেখানো।

মার্কের অনকোলজি ক্লিনিক্যাল ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ডা. মার্জোরি গ্রিন বলেন, “এই টিকার মাধ্যমে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার শনাক্ত করে তা ধ্বংস করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই এমন কিছু করার স্বপ্ন দেখেছি আমরা।”

তিনি জানান, যত দ্রুত সম্ভব টিকাটির নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেতে আবেদন করার পরিকল্পনা রয়েছে।

গবেষণায় ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর সম্মিলিত ঝুঁকি কমার প্রমাণ মিললেও, টিকাটি রোগীদের সামগ্রিক আয়ু বাড়ায় কি না, তা এখনও জানা যায়নি। চিকিৎসাবিজ্ঞানে ‘সামগ্রিক বেঁচে থাকার হার’ ক্যানসারের চিকিৎসা কতটা কার্যকর, তা যাচাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ মানদণ্ড।

মেলানোমার পাশাপাশি অগ্ন্যাশয় ও মস্তিষ্কের ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের চিকিৎসায় একই ধরনের টিকা নিয়ে গবেষণা চলছে। তবে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মেলানোমায় পাওয়া সাফল্য অন্যান্য ক্যানসারের ক্ষেত্রে একইভাবে দেখা যাবে না।

সব মিলিয়ে ফলাফল আশাব্যঞ্জক হলেও টিকাটি দীর্ঘমেয়াদে কতটা কার্যকর, রোগীদের আয়ু কতটা বাড়ায় এবং অন্য ধরনের ক্যানসারে কাজ করে কি না, তা নিশ্চিত হতে আরও তথ্য ও গবেষণার অপেক্ষা করতে হবে।

All Categories