হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশু প্রাণ হারিয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুসারে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুগুলো ঘটেছে। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর নেই। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৫ জন।
অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ শিশুর মৃত্যু হয়েছে। আর পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২১৪ জনে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত এক দিনে সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১১০ জন, আর ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ২৫ জনের।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সন্দেহজনক হামের রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন, যাদের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
একই সময়ে মোট ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ২৩ হাজার ২৭৩ জনের হাম নিশ্চিত হয়েছে।