চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: ১০ মাসেই আক্রান্ত ছাড়াল ৬ হাজার, প্রাণ গেছে ৩১ জনের

চট্টগ্রামে চলতি বছরের প্রথম ১০ মাসেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। এই সময়ে রোগটিতে মারা গেছেন ৩১ জন। আগের দুই বছরের তুলনায় এবার আক্রান্ত ও মৃত্যু দুটোই বেশি, আর বছরের শেষ দিকেও সংক্রমণ না কমায় উদ্বেগ বাড়ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের হিসাবে, ২০২৪ সালে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন, মৃত্যু হয় ৪৫ জনের। ২০২৫ সালে আক্রান্ত বেড়ে ৪ হাজার ৮৬৪ জন হলেও মৃত্যু কমে দাঁড়ায় ২৭ জনে। এবার ২২ অক্টোবর পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন, মৃত্যু ৩১ জনের।

কার্যালয় জানিয়েছে, জেলায় প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। ফলে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, ২১ অক্টোবর সকাল ৮টা থেকে ২২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ৭৯ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭ জন, জেনারেল হাসপাতালে চারজন, সিএমএইচে পাঁচজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৩ জন চিকিৎসা নিচ্ছেন।

এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৩৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬ হাজার ১৫৬ জন সুস্থ হয়ে ফিরেছেন, বর্তমানে চিকিৎসাধীন ১৮৫ জন।

সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান জানান, এ বছর আক্রান্তদের মধ্যে ৩ হাজার ২৬ জন মহানগর এলাকার, ২ হাজার ৬৩৬ জন বিভিন্ন উপজেলার এবং ৬৭৯ জন অন্য জেলার বাসিন্দা। মারা যাওয়া ৩১ জনের মধ্যে ছয়জন পুরুষ, ১৬ জন নারী ও নয়জন শিশু।

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ সীতাকুণ্ডে, সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৯৮ জন।

All Categories