শাহেদ আহম্মেদের মরদেহ সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছেছে
সৌদি আরবের রিয়াদে হুথি হামলায় প্রাণ হারানো বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদের লাশ দেশে এসে পৌঁছেছে। ইউএস-বাংলার যে ফ্লাইটে লাশ আনা হয়, সেটি শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ২২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
বিমানবন্দরে স্বজনরা তাঁর লাশ বুঝে নেন। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও।
তিনি জানান, গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহত ১১ জন বাংলাদেশির লাশ দেশে ফিরিয়ে আনা হয়েছে। অন্যদের লাশ আনার প্রক্রিয়া চলমান আছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য, সৌদি আরবের বিভিন্ন কারাগারে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন। নানা সাজার কারণে তাঁরা সেখানে আটক। মৃত্যুদণ্ড পাওয়া দুজন এই তালিকায় আছেন কি না, তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে এখনো পূর্ণ তথ্য মেলেনি, তাই সৌদি কর্তৃপক্ষের কাছে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। সেটি হাতে এলে বিস্তারিত জানানো যাবে।
তিনি আরও বলেন, প্রতিটি দেশের নিজস্ব আইন রয়েছে এবং সেই আইনেই সাজা দেওয়া হয়। তবে কোনো বাংলাদেশি দণ্ডিত হলে সে বিষয়ে সরকারের অবগত থাকা প্রয়োজন।
সরকার সৌদিসহ বিভিন্ন দেশে সাজাপ্রাপ্ত নাগরিকদের আইনি পথে সাজা মওকুফের চেষ্টা করছে বলেও জানান প্রতিমন্ত্রী।
নিহত শাহেদ আহম্মেদের পরিবারকে দ্রুত সরকারি সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। সৌদিতে প্রবাসীদের ভিসা নবায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতেও সরকার কাজ করছে বলে জানান তিনি।