মুন্সীগঞ্জে খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশে একটি যাত্রীবাহী বাস সড়ক থেকে ছিটকে পানিভর্তি খাদে পড়ে গেছে। এতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১৬ জন।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ১৮ মিনিটে হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু, বয়স ৫৫ বছর। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহত যাত্রীরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ড ভ্যানকে পাশ কাটানোর সময় চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বেপরোয়া গতির কারণে বাসটি রেলিং ভেঙে সার্ভিস লেন পেরিয়ে খাদে গিয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। ১১ জন আহতকে অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বাকি পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

All Categories