সাফ জিতবে বাংলাদেশই, না জিতলে বড় বিস্ময়: শ্রীলঙ্কা কোচ

দীর্ঘ আট বছর পর বাংলাদেশের মাটিতে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ছয় দেশের এই আসর ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ নামে পরিচিত এই টুর্নামেন্টে শিরোপার দুই প্রধান দাবিদার হিসেবে বাংলাদেশ ও নয়বারের চ্যাম্পিয়ন ভারতকে দেখছেন শ্রীলঙ্কার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি।

তার মতে, ঘরের মাঠের সুবিধা, শক্তিশালী স্কোয়াড আর প্রবাসী ফুটবলারদের উপস্থিতি বাংলাদেশকে অন্যদের চেয়ে এগিয়ে রাখছে। সান মারিনোর বিপক্ষে জয় এবং জাতীয় দলে হামজা চৌধুরীর মতো তারকার থাকাকে তিনি দলের সামর্থ্যের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

মুতাইরি বলেন, ‘বাংলাদেশকে অবশ্যই সাফ জিততে হবে। হামজা ও পুরো দল আছে, সঙ্গে ঘরের মাঠ— সব মিলিয়ে তারা এগিয়ে। বাংলাদেশ শিরোপা না জিতলে সেটা আমার কাছে বড় বিস্ময় হবে।’

ইউরোপে খেলা সাতজন ফুটবলার বাংলাদেশের বড় শক্তি বলে মনে করেন তিনি। বিশেষ করে হামজাকে এশিয়ার অন্যতম সেরা ফুটবলার বলে অভিহিত করেন এই কোচ।

ভারতকে খাটো করছেন না জানিয়েও তার দাবি, সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ ১-০ গোলে জিতেছে এবং সাফে দলটি আরও ভালো করবে। তিনি বলেন, ‘ভারতকে আমি কখনও ছোট করে দেখি না, কিন্তু বাংলাদেশ বেশি শক্তিশালী।’ তবে ভারত অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এলেও তাদেরও ফেবারিটের তালিকায় রাখছেন তিনি।

নিজের দল শ্রীলঙ্কা নিয়ে অবশ্য বাস্তবসম্মত পরিকল্পনা মুতাইরির। দলটি এখনো গড়ে ওঠার পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, ‘ফলের চেয়ে নিজেদের খেলায় মনোযোগ দিতে চাই। আমাদের লক্ষ্য সেমিফাইনালে ওঠা, সেখানে পৌঁছাতে পারলে আমরা খুশি।’

সমর্থকদের উপস্থিতিও বাংলাদেশের বাড়তি শক্তি হবে বলে মনে করেন এই কোচ। তার ভাষায়, স্টেডিয়ামের পরিবেশ আয়োজক দলের পক্ষেই থাকবে। একই সঙ্গে কয়েকটি প্রীতি ম্যাচের ফল দিয়ে কোনো দলের শক্তি বিচার করা ঠিক নয় বলেও মত দেন তিনি।

All Categories