শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে নওগাঁর মান্দায় মাইকিং
নওগাঁর মান্দা উপজেলায় একটি অটোরিকশায় মাইক বাজিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রচার চালানো হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক খোলাখুলিভাবে শেখ হাসিনার ফিরে আসার কথা প্রচার করছেন।
প্রচারের শুরুতে মান্দাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। পরে ঘোষণায় বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও পাঁচ মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে পা রাখবেন। দলমত নির্বিশেষে সবাইকে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” স্লোগানের মধ্য দিয়ে মাইকিং শেষ হয়।
মান্দা থানার ওসি আফজাল হোসেন জানান, ঘটনাটি গতকালের। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।