মাদ্রাসায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, স্থানীয়দের আগুন ও ভাঙচুর

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা কদমতলা গ্রামে নুরে মদিনা মহিলা মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক আবু ইউসুফকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

স্থানীয়দের ভাষ্য, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মাদ্রাসার এক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন ওই শিক্ষক। ভয় পেয়ে মেয়েটি মাদ্রাসা থেকে বেরিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ এলাকাবাসী শিক্ষককে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন।

আবু ইউসুফের বাড়ি সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামে। অভিযোগের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন মাদ্রাসায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত শিক্ষক ও ভুক্তভোগী ছাত্রী বর্তমানে পাবনা থানা পুলিশের হেফাজতে আছেন।

পাবনার পুলিশ সুপার আলী আশরাফ জানান, অভিযোগ কতটা সত্য তা যাচাই চলছে। তদন্তে প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মাদ্রাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও তদন্ত করে দেখা হচ্ছে।

All Categories