Oct 24, 2026
দুরারোগ্য ক্যানসারে শয্যাশায়ী ফুটবল রেফারি মনসুর আজাদ, অবস্থা সংকটাপন্ন

দুরারোগ্য ক্যানসারে শয্যাশায়ী ফুটবল রেফারি মনসুর আজাদ, অবস্থা সংকটাপন্ন

বাংলাদেশের ফুটবলের পরিচিত রেফারি মনসুর আজাদ দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে এখন শয্যাশায়ী; তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন। আবাহনী-মোহামেডানের মতো বড় ম্যাচে একসময় তিনিই ছিলেন মাঠের নির্ভরযোগ্য বিচারক।

অবস্থার অবনতি হলে কয়েক দিন আগে ব্যাংককের একটি হাসপাতালে তাঁর কেমোথেরাপি দেওয়া হয়। এরপর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে স্ত্রী ও ছেলে ওয়ায়েস তাঁকে খুলনার নিজেদের বাসায় ফিরিয়ে আনেন।

গতকাল খুলনার মিয়া পাড়ার বাসায় গিয়ে দীর্ঘদিনের পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর খোঁজ নেন। একসময়ের সহকর্মী তৈয়ব হাসান বলেন, ‘আজাদ ভাই ভালো নেই। ক্যানসারের কারণে খুব দুর্বল হয়ে পড়েছেন, বিছানা থেকে উঠতে পারেন না। অথচ একসময় বাঁশি হাতে মাঠে ছুটে বেড়াতেন। তাঁকে এই অবস্থায় দেখে খুব খারাপ লাগছে।’

ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি টান ছিল মনসুর আজাদের। খুলনা ও ঢাকায় ফুটবল খেলেছেন, গোলরক্ষক হিসেবেও পরিচিতি পেয়েছিলেন। খেলোয়াড়ি জীবনের পর রেফারিংকে পেশা হিসেবে বেছে নেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার ছাপ রাখেন। গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায় তাঁকে বিমানে করে আনার ঘটনাও রয়েছে। দেশের রেফারিংয়ের মান বাড়ানোতেও ছিল তাঁর ভূমিকা।

খুলনা জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ফুটবল অ্যাসোসিয়েশন, বাফুফে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনসহ নানা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এবং বাফুফের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব সামলেছেন।

তাঁর সুস্থতা কামনায় গতকাল খুলনায় দোয়ার আয়োজন করে সোনালী অতীত ক্লাব।

All Categories