বিশ্বে সবচেয়ে ঋণগ্রস্ত যুক্তরাষ্ট্র, তালিকায় বাংলাদেশ ৪৫তম

বিশ্বজুড়ে মোট ঋণ বেড়ে ৩৬৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, সঙ্গে বাড়ছে সুদের বোঝাও। সবচেয়ে বেশি ঋণের দেশ যুক্তরাষ্ট্র; এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম। সম্প্রতি প্রকাশিত একটি আন্তর্জাতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসনসংকট ও শিক্ষা খাতে বাজেট ঘাটতির প্রতিবাদে বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নেমেছেন। এই অস্থিরতার পেছনে দেশগুলোর আর্থিক সংকটকে কারণ হিসেবে দেখা হচ্ছে। বছরের পর বছর বিপুল ঋণ নেওয়ায় অনেক দেশ এখন গভীর চাপে রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে বৈশ্বিক ঋণ ১০ ট্রিলিয়ন ডলার বেড়েছে। এতে সরকার, পরিবার ও বিভিন্ন কোম্পানির ঋণ ধরা হয়েছে। বিশ্বের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে মাথাপিছু ঋণ দাঁড়ায় প্রায় ৪৪ হাজার ডলার। ঋণ বৃদ্ধির বড় অংশ এসেছে উদীয়মান অর্থনীতির দেশগুলো থেকে।

সরকারি ঋণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের ঋণ ৪১.৪ ট্রিলিয়ন ডলার, যা দেশটির জিডিপির ১২৭ শতাংশ। এরপর রয়েছে যথাক্রমে চীন, জাপান, যুক্তরাজ্য ও ফ্রান্স।

বাংলাদেশের মোট ঋণ ২০৪.৯ বিলিয়ন ডলার, যা জিডিপির ৪০ শতাংশ। ২০১০ সালে এ অঙ্ক ছিল ৪০.৯ বিলিয়ন ডলার; অর্থাৎ দেড় দশকে ঋণ প্রায় পাঁচ গুণ হয়েছে। তবে উন্নত দেশগুলোর তুলনায় ঋণ-জিডিপি অনুপাত এখনও সহনীয় পর্যায়ে আছে।

ঋণের সুদ মেটাতে সরকারগুলোর বাড়তি অর্থ ব্যয় হওয়ায় জনসেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। কোনো কোনো দেশকে এজন্য কর বাড়াতে বা সরকারি ব্যয় কমাতে হচ্ছে।

All Categories