তৃতীয় মেয়াদের ইঙ্গিত ট্রাম্পের, আইওয়ার সমাবেশে ফের ২০২০-এর ‘চুরি’র অভিযোগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছেন। আইওয়ার এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা তার জয় কেড়ে নিয়েছে, তাই নতুন করে প্রার্থী হওয়ার অধিকার তার রয়েছে বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিউক্স সিটির সমাবেশে প্রেসিডেন্টের মেয়াদসীমা নিয়ে সাংবিধানিক বিধিনিষেধ প্রসঙ্গে তিনি রসিকতা করেন। এরপর নির্বাচন তার কাছ থেকে ‘চুরি’ হয়েছে—এই পুরোনো অভিযোগ আবার তোলেন।
ট্রাম্প বলেন, পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা তিনি জানেন না। তার ভাষ্য, আইন সম্ভবত তাকে আর প্রার্থী হতে দেবে না, যদিও এ বিষয়ে তিনি শতভাগ নিশ্চিত নন। তবে ২০২০ সালের নির্বাচন ঘিরে যা ঘটেছে, তাকে আবার লড়ার যুক্তি দেয় বলে তিনি দাবি করেন।
হাসতে হাসতে তিনি বলেন, দ্বিতীয়বার নির্বাচনে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ তারা আসলে তিনবার জিতেছেন। তাই আবার প্রার্থী হওয়ার অধিকার আছে বলে তার ধারণা। এ কথায় সমাবেশে উপস্থিত লোকজন করতালি দেন।
বর্তমান মেয়াদের পরও ক্ষমতায় থাকার সম্ভাবনা নিয়ে ট্রাম্প এর আগেও একাধিকবার মন্তব্য করেছেন; এটি তার সর্বশেষ উদাহরণ। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। ট্রাম্পের মিত্ররা এসব মন্তব্যকে কৌতুক বললেও তিনি বারবার আরও একবার প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা তুলছেন।