টঙ্গীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা-ছেলের মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে একটি অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাঁদের গ্রামের বাড়ি শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়ায়। পরিবারটি গাজীপুর মহানগরের গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় থাকত।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর সোয়া ৪টার দিকে বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলের কাছে মহাসড়কে দ্রুতগামী একটি গাড়ি বাবা-ছেলেকে ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। পুলিশ তাঁদের উদ্ধার করে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখনকে মৃত ঘোষণা করেন। তপনের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
টঙ্গী পূর্ব থানার ওসি দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক গাড়িটি শনাক্ত হয়েছে কি না, তা এখনো জানা যায়নি।