বঙ্গোপসাগরে লঘুচাপ, নৌযানকে সতর্ক থাকার নির্দেশ
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এ কারণে সব ধরনের নৌযানকে গভীর সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর।
অধিদফতর জানিয়েছে, পূর্বমধ্য ও এর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গঠিত লঘুচাপটি শনিবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। এটি বর্তমানে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে আরও শক্তিশালী হতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যেন গভীর সাগরে না যায়।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে।