মাত্র তিনটি তৈরি: সাড়ে ৫ কোটি টাকার ‘শ্রীরামচন্দ্র’ বিলাসী হাতঘড়ি

বিলাসবহুল হাতঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো. বাজারে এনেছে ‘শ্রীরামচন্দ্র লিমিটেড এডিশন’ নামের একটি বিশেষ ঘড়ি। অযোধ্যার রামমন্দির ও ভগবান রামের অনুপ্রেরণায় নকশা করা ঘড়িটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরো বিশ্বে এই মডেলের ঘড়ি তৈরি হয়েছে মাত্র তিনটি।

এর আগে ‘রাম জন্মভূমি’ ঘড়ি বানিয়ে আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি। নতুন ঘড়িটি তাদের অ্যাস্ট্রোনোমিয়া সোলার মডেলের ওপর ভিত্তি করে তৈরি। সম্প্রতি ইনস্টাগ্রামে এটির ঘোষণা দেওয়া হয়েছে।

নকশায় দেবদেবীর ক্ষুদ্র মূর্তি রাখা হয়েছে। ছয়টার ঘরে রয়েছে রাম, আর নয়টার ঘরে হনুমান। ঘড়ির ভেতরে নীল ল্যাকারে গড়া একটি পৃথিবীর প্রতিকৃতি এক মিনিটে নিজের অক্ষে একবার ঘোরে। বারোটার অবস্থানে থাকা ফ্লাইং ট্যুরবিলনও এক মিনিটে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে।

ঘণ্টা ও মিনিটের কাঁটা বানানো হয়েছে রোজ গোল্ডে, যা বসানো কমলা ফায়ার ওপাল পাথরের ডায়ালে। মাঝখানে সূর্যের প্রতীক হিসেবে রাখা হয়েছে গেরুয়া-কমলা রঙের একটি জিরকোনিয়া পাথর। ঘড়ির ভিত্তিতে মণ্ডলের ধাঁচের নকশা, নক্ষত্রমণ্ডলের অলংকরণ ও হাতে গড়া ড্রাগনের অবয়বও আছে।

অ্যাস্ট্রোনোমিয়া সিরিজের ঘড়ির যন্ত্রাংশ ৩৬০ ডিগ্রি কোণ থেকে দেখা যায়। ঘড়িটির কেস ১৮ ক্যারেট রোজ গোল্ডের, গম্বুজ আকৃতির স্যাফায়ার ক্রিস্টাল কাচ দিয়ে ঢাকা, আর স্ট্র্যাপ নীল অ্যালিগেটর চামড়ার।

নির্মাতাদের ভাষ্য, সীমিত সংখ্যার এই ঘড়িতে ভক্তি, প্রতীকী ভাবনা ও উচ্চমানের ঘড়িশিল্পের মেলবন্ধন ঘটেছে।

All Categories