মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হলেন কাইরন পোলার্ড

আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কাইরন পোলার্ড। আসন্ন আইপিএল ২০২৭ মৌসুমকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর ফলে দলের সঙ্গে মাহেলা জয়াবর্ধনের অধ্যায়ের সমাপ্তি ঘটল। গত সপ্তাহের শেষভাগে মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক ছেড়েছেন শ্রীলঙ্কার এই সাবেক ব্যাটার।

পোলার্ডের সঙ্গে মুম্বাইয়ের সম্পর্ক বহু বছরের পুরোনো। ২০১০ আইপিএলের আগে খেলোয়াড় হিসেবে তাকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি। পরে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মুম্বাইয়ের পাঁচটি আইপিএল শিরোপা জয়ে অংশ নেন তিনি। ২০১১ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জেতা দলেরও সদস্য ছিলেন।

আইপিএলে খেলোয়াড় হিসেবে ১৮৯ ম্যাচে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩ হাজার ৪১২ রান করেছেন পোলার্ড, উইকেট নিয়েছেন ৬৯টি। ২০২২ মৌসুমে তার শেষ আইপিএল খেলা। পরের বছর মাঠের ক্যারিয়ার শেষ করে মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্বে আসেন। গত চার মৌসুম সেই ভূমিকায় ছিলেন তিনি, এখন সেই অভিজ্ঞতা কাজে লাগাতে হবে প্রধান কোচ হিসেবে।

নতুন দায়িত্ব নিয়ে খুশি পোলার্ড। এক বিবৃতিতে তিনি বলেন, মুম্বাইয়ের প্রধান কোচ হওয়া তার জন্য বড় সম্মানের। তার জীবন ও ক্যারিয়ারের বড় অংশজুড়ে রয়েছে এই দল। খেলোয়াড় ও কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি জানেন, নীল-সোনালি জার্সির সঙ্গে কতটা দায়িত্ব জড়িয়ে থাকে।

দলের ঐতিহ্য ধরে রাখা, তরুণ প্রতিভাদের বিকাশে সহায়তা করা এবং সমর্থকদের আরও উদ্‌যাপনের সুযোগ এনে দেওয়ার আশা প্রকাশ করেন পোলার্ড। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় আছেন বলেও জানান তিনি। মুম্বাইয়ের সমর্থকগোষ্ঠী ‘পল্টন’কে উদযাপনের আরও কারণ উপহার দিতে চান তিনি।

All Categories