সেতু পেরিয়ে চীনের ডানডংয়ে পৌঁছালেন কিম জং উন
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন চালু হওয়া সেতু দিয়ে চীনের সীমান্তশহর ডানডংয়ে পৌঁছেছেন। দক্ষিণ কোরিয়ার সরকারি সূত্র উদ্ধৃত করে দেশটির একটি সংবাদ সংস্থা তথ্যটি জানিয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) এই সফর হলো এমন সময়ে, যখন সেতুটি আনুষ্ঠানিকভাবে চালুর এক সপ্তাহও পেরোয়নি। নির্মাণ শেষ হওয়ার ১২ বছর পর সেতুটি খুলে দেওয়া হয়েছে। এতে এশিয়ার বৃহৎ অর্থনীতি চীন ও পারমাণবিক শক্তিধর প্রতিবেশী উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
চীন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার এবং কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার বড় উৎস। যদিও দুই দেশের সম্পর্ক সবসময় মসৃণ ছিল না।
প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়ালু নদীর ওপর নির্মিত চার লেনের এই সেতু দিয়ে কিম দিনের শুরুতেই ডানডংয়ে পৌঁছান। সেতুর কাজ ২০১৪ সালে শেষ হলেও উত্তর কোরিয়ার দিকে সংযোগ সড়ক ও শুল্ক অবকাঠামো না থাকায় চালু হতে দেরি হয়েছে বলে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে কিম বেইজিং সফরে গিয়ে জাপানবিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর চলতি বছরের জুনে শি জিনপিং উত্তর কোরিয়া সফর করেন, যা দুই দেশের সম্পর্ক উন্নতির ইঙ্গিত হিসেবে দেখা হয়।