পাঁচ মাসে সবচেয়ে বেশি দামে উঠল অশোধিত তেল
মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ঘনীভূত হতে পারে—এই শঙ্কায় বিশ্ববাজারে অশোধিত তেলের দাম গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৪ দশমিক ৭২ ডলারে দাঁড়ায়। মে মাসের পর এটিই সর্বোচ্চ দাম। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা হলে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামো, সাবমেরিন ক্যাবল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক স্থাপনা লক্ষ্যবস্তু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
বিনিয়োগ প্রতিষ্ঠান ইন্টারঅ্যাকটিভ ইনভেস্টরের বিশ্লেষক রিচার্ড হান্টারের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর কূটনীতির বদলে ইরানে ফের সামরিক অভিযানের ভাবনা চলছে—এমন খবরই বাজারে দাম বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। অনেকে আশা করেছিলেন সংঘাত অল্পদিনে শেষ হবে, অথচ তা এখন অষ্টম মাসে গড়িয়েছে। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭২ ডলার; এপ্রিলের শেষ দিকে তা ১২৬ ডলার ছুঁয়েছিল।
চলতি সপ্তাহে উত্তেজনা আরও বেড়েছে। বুধবার ইরানের বিপ্লবী গার্ড হরমুজ প্রণালিতে চারটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করে। এদিকে ইয়েমেনের হুথিদের হামলার মুখে থাকা সৌদি আরব থেকে কয়েকজন কূটনীতিক ও মার্কিন সরকারি কর্মকর্তার পরিবারকে সরে যেতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
ওয়েলথ ক্লাবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ সুসানা স্ট্রিটার বলেন, ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের পর ইরানের জ্বালানি অবকাঠামোয় আঘাত হানার নির্দেশ মার্কিন ও ইসরায়েলি বাহিনী পেতে পারে—এই আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে।
তিনি আরও জানান, সৌদি স্থাপনায় হুথিদের আক্রমণ এ সপ্তাহে তীব্রতর হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনও ঝুঁকিপূর্ণ, কারণ ওই এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চলছে।