ছুটিতেও কমেনি বাজারদর, মুদিপণ্যে বাড়তি চাপ, সয়াবিন তেল বাড়ার আভাস
পূজার ছুটিতে রাজধানী অনেকটা ফাঁকা থাকায় নিত্যপণ্যের দাম কমবে বলে আশা ছিল ক্রেতাদের। কিন্তু শুক্রবার সকালে রাজধানীর মেরাদিয়া বাজারে গিয়ে দেখা গেছে, দাম কমা তো দূরের কথা, কিছু পণ্যের দাম উল্টো বেড়েছে।
বনশ্রীর বাসিন্দা আশরাফুল সকাল সাড়ে ৮টায় বাজারে আসেন। তাঁর ভাষ্য, কয়েক দিন আগে রুই মাছ কিনেছিলেন কেজি ৩৫০ টাকায়, আজ চাওয়া হচ্ছে ৩৮০ টাকা। ব্যবসায়ীরা তাঁকে জানিয়েছেন, আগামী সপ্তাহে সয়াবিন তেলের দামও বাড়তে পারে। আয়ের সঙ্গে খরচ মেলানো কঠিন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
আরেক ক্রেতা জসিম উদ্দিন বলেন, সাবান থেকে শুরু করে সবজি, মাছ, আটা-ময়দা—কোনো কিছুর দামই নাগালের মধ্যে নেই।
বাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৮০ টাকা কেজিতে। পটল ৮০, ঝিঙা ১০০, চিচিঙ্গা ৮০, করলা ১০০, পেঁপে ৪০, সিম ১৬০, টমেটো ১৬০ ও শসা ১২০ টাকা কেজি। ফুলকপির পিস ৮০ টাকা, লাউ ৭০ থেকে ৮০ টাকা। ঢেঁড়স ৬০, বরবটি ১০০, মুলা ৮০, কাঁচামরিচ ১৬০, আলু ৪০ ও রসুন ১২০ টাকা কেজিতে মিলছে। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমার কথা থাকলেও তা কমেনি।
মুদিপণ্যেও চাপ বেড়েছে। দুই কেজি ময়দার দাম ১৪০ থেকে বেড়ে ১৮০ টাকা হয়েছে। আটার প্যাকেট ৬৫ টাকা থেকে বেড়ে ৭০ টাকা। সব ধরনের গায়ে মাখা সাবানের দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে। হুইল পাউডার কেজিতে ১৪৫ থেকে ১৫৫ এবং হুইল সাবান ৩০ থেকে ৩৫ টাকা হয়েছে। চিনি ১১০ টাকা, আদা ১৮০ থেকে ২০০ টাকা, রসুন ২০০ টাকা। মোটা মসুর ডাল ১০০ এবং চিকন ১৫০ থেকে ১৬০ টাকা। পোলাওয়ের চাল প্রায় ২০০ টাকা কেজি। খোলা গুটি স্বর্ণা চাল ৫০ টাকা। তবে ডিমের দাম ডজনে ১০ টাকা কমে ১৪০ টাকায় নেমেছে।
আমিষের বাজারে গরুর মাংস ৮২০ টাকা কেজি। ব্রয়লার মুরগি ১৯০, কক ৩৩০ ও দেশি মুরগি ৬৬০ টাকা। রুই মাছ আকারভেদে ৩৮০ থেকে ৪৫০ টাকা, পাঙাস ও তেলাপিয়া ৩৩০ থেকে ৩৫০ টাকা কেজি।
ব্যবসায়ীরা বলছেন, সয়াবিন তেলের দাম আবার বাড়তে পারে। বর্তমানে পাঁচ লিটারের বোতল ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। লিটারে ১৪ টাকা বাড়লে তা ১ হাজার ৭০ থেকে ১ হাজার ৯০ টাকায় ঠেকতে পারে।
মুদি দোকানি রাসেল খান জানান, গায়ে মাখা সাবান, গুঁড়া সাবান, পেস্ট, আটা ও ময়দাসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে। ক্রেতা মনসুর আহমেদ বলেন, তেলাপিয়া মাছ কেজিতে ৩০০ টাকার বেশি, ছোট মাছ প্রায় ৫০০ টাকা। সবজি বিক্রেতা আরিফ বলেন, বেশি দামে কিনে আনলে কম দামে বিক্রি করা সম্ভব নয়, তাই দাম কমবে বলে মনে হয় না।