অনাকাঙ্ক্ষিত পপ-আপ বিজ্ঞাপনে অতিষ্ঠ? ফোনে যেভাবে থামাবেন

স্মার্টফোনে ওয়েবসাইট ঘাঁটতে গেলে বা কোনো তৃতীয় পক্ষের অ্যাপ চালানোর সময় হুট করে বিজ্ঞাপন ভেসে ওঠা এখন সাধারণ সমস্যা। কখনো লিংকে চাপ দিতেই অচেনা পেজ খুলে যায়, কখনো আবার হোম স্ক্রিনেই অযাচিত ছবি-ভিডিও হাজির হয়। ব্রাউজারের অনুমতি, সন্দেহজনক অ্যাপ কিংবা অ্যাডওয়্যার—এসবই এর পেছনের কারণ হতে পারে। তবে কয়েকটি সেটিংস বদলালেই বেশির ভাগ বিজ্ঞাপনের উৎপাত কমানো যায়।

অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত গুগল ক্রোমই মূল ব্রাউজার হিসেবে দেওয়া থাকে এবং এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ক্রোমে পপ-আপ ঠেকাতে অ্যাপ খুলে ডান কোণের তিন ডটে চাপুন, সেখান থেকে ‘সেটিংস’ ও পরে ‘সাইট সেটিংস’-এ যান। এরপর ‘পপ-আপস অ্যান্ড রিডাইরেক্টস’ বিকল্পটি বন্ধ করে দিন। এতে ওয়েবসাইট থেকে আসা বেশির ভাগ পপ-আপ ও জোর করে অন্য পেজে নিয়ে যাওয়ার ঘটনা আটকে যাবে। অন্য ব্রাউজারেও একই ধরনের ব্যবস্থা পাওয়া যায়।

অনেক সময় যেগুলোকে পপ-আপ মনে হয়, সেগুলো আসলে ওয়েবসাইটের পাঠানো নোটিফিকেশন। আগে কোনো সাইটকে বার্তা পাঠানোর অনুমতি দিয়ে থাকলে সেখান থেকে ঘনঘন প্রচারের বার্তা আসতে পারে। এটি বন্ধ করতে ক্রোমের ‘সেটিংস’-এ গিয়ে ‘সাইট সেটিংস’, তারপর ‘নোটিফিকেশনস’ খুলুন। অনুমতি পাওয়া সাইটের তালিকা থেকে অচেনা বা অপ্রয়োজনীয়গুলো ব্লক করুন। কোনো অ্যাপ থেকে বিজ্ঞাপন এলে ফোনের ‘সেটিংস’-এর ‘নোটিফিকেশনস’ অংশে গিয়ে ওই অ্যাপের বার্তাও বন্ধ করে দিন।

ব্রাউজার না চালালেও যদি হোম স্ক্রিনে বা অন্য অ্যাপে বিজ্ঞাপন দেখা যায়, তবে সম্প্রতি নামানো কোনো অ্যাপ দায়ী কি না খতিয়ে দেখুন। বিশেষ করে অচেনা গেম, ফোন ক্লিনার, ব্যাটারি বাঁচানোর টুল কিংবা বাইরের ওয়েবসাইট থেকে নামানো অ্যাপ সন্দেহের তালিকায় রাখুন। ‘সেটিংস’-এর ‘অ্যাপস’ অংশে গিয়ে নতুন ইনস্টল করা অ্যাপগুলো দেখুন এবং সন্দেহজনক কোনোটি পেলে ‘আনইনস্টল’ করুন। তারপর ফোন রিস্টার্ট দিয়ে দেখে নিন সমস্যা মিটেছে কি না।

সন্দেহজনক অ্যাপ সরানোর পরও বিজ্ঞাপন এলে গুগল প্লে স্টোরের নিরাপত্তা ফিচার কাজে লাগান। প্লে স্টোরে প্রোফাইল আইকনে চেপে ‘প্লে প্রোটেক্ট’ বেছে নিন এবং স্ক্যান চালান। ক্ষতিকর অ্যাপ শনাক্তের সুবিধা চালু আছে কি না, তাও দেখে নিন। দরকার হলে ফোনের অপারেটিং সিস্টেম, ক্রোম ও অন্য অ্যাপ হালনাগাদ করুন।

‘আপনার ফোনে ভাইরাস ধরা পড়েছে’, ‘এখনই ফোন পরিষ্কার করুন’ কিংবা ‘লটারিতে কোটি টাকা জিতেছেন’ ধরনের বার্তা দেখলে কোনোভাবেই তাতে চাপ দেবেন না। এসব ভুয়া সতর্কবার্তা ও চটকদার ছবির ফাঁদে ফেলে পাসওয়ার্ড বা ব্যাংকের তথ্য হাতিয়ে নেওয়া কিংবা ক্ষতিকর অ্যাপ নামিয়ে দেওয়ার চেষ্টা হয়। তাই অচেনা বিজ্ঞাপন এড়িয়ে চলুন, আর কোনো অ্যাপ নামানো বা ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে তার নির্ভরযোগ্যতা যাচাই করে নিন।

All Categories