অ্যানথ্রপিকের নতুন এআই এজেন্ট ‘ডুয়েট’: ব্যবহারকারীর হয়ে সারাদিন সামলাবে নানা কাজ

অ্যানথ্রপিক ‘ক্লড ডুয়েট’ নামে নতুন একটি এআই এজেন্ট এনেছে, যা ব্যবহারকারীর হয়ে দৈনন্দিন নানা কাজ সামলাতে পারবে। ২১ অক্টোবর পরীক্ষামূলক সংস্করণে চালু হওয়া এ সেবা মূলত পেশাজীবী ও ছোট ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বানানো। ব্যক্তিগত এআই এজেন্টের বাড়তে থাকা বাজারে মেটার ‘মিউজ’ ও ওপেনএআইয়ের ‘ডটস’-এর সঙ্গে এর মাধ্যমে প্রতিযোগিতায় নামল প্রতিষ্ঠানটি।

ব্যবহারকারীর সংযুক্ত বিভিন্ন অ্যাপ থেকে তথ্য বিশ্লেষণ করে ডুয়েট প্রতিদিন সকালে জরুরি বিষয় ও করণীয়র একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে দেবে। দিনের বাকি সময়েও তথ্যের ওপর নজর রাখবে এবং গুরুত্বপূর্ণ কিছু এলে নোটিফিকেশন পাঠাবে। এ ছাড়া বৈঠকের সময় ঠিক করা, একাধিক উৎস থেকে ড্যাশবোর্ড বানানো, আর্থিক ও বিক্রয়ের পূর্বাভাস তৈরি এবং ওয়েব অ্যাপ বানানোর মতো জটিল কাজও এটি করতে পারবে।

ক্লড ওপাস ৫.৫ মডেলের ওপর ভিত্তি করে তৈরি এ এজেন্ট অ্যান্ড্রয়েড ও আইওএসের আলাদা অ্যাপে এবং ক্লডের ওয়েব সংস্করণেও পাওয়া যাবে। কাজ চালাতে ডুয়েটের নিজস্ব ভার্চুয়াল কম্পিউটার ও ব্রাউজার আছে, তাই ব্যবহারকারীর ফোন বা কম্পিউটার বন্ধ থাকলেও এটি পেছনে কাজ চালিয়ে যেতে পারে। ক্লড অ্যাকাউন্টে জমানো স্মৃতি, দক্ষতা ও যুক্ত অ্যাপগুলোর সুবিধাও এটি কাজে লাগাবে।

গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপের আগে ডুয়েট ব্যবহারকারীর অনুমতি চাইবে। যেমন ই-মেইল পাঠানো, টাকা পরিশোধ, নথিতে সই কিংবা ফাইল মুছে ফেলার আগে কাজের বিবরণ দেখিয়ে সম্মতি নেবে। অ্যানথ্রপিক জানিয়েছে, এজেন্টটি সরাসরি পাসওয়ার্ড বা সাইন-ইন টোকেন দেখতে পাবে না এবং ক্রেডিট কার্ড নম্বর বা সরকারি পরিচয়পত্রের মতো স্পর্শকাতর তথ্য যাতে ফাঁস না হয়, সে জন্য বাড়তি নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে।

আপাতত যুক্তরাষ্ট্রে ক্লডের প্রো ও ম্যাক্স গ্রাহকেরা অপেক্ষমাণ তালিকায় নাম লিখিয়ে ডুয়েট ব্যবহারের সুযোগ পাবেন। প্রো প্যাকেজের মাসিক মূল্য শুরু ২০ ডলার থেকে। পরীক্ষামূলক পর্যায়ে ডুয়েটের ব্যবহার ক্লডের অন্যান্য সুবিধার নির্ধারিত সীমার মধ্যেই গণনা হবে; ফলে ব্যাকগ্রাউন্ডে কাজ করা ও জটিল কাজের কারণে সীমা দ্রুত শেষ হয়ে যেতে পারে।

অ্যানথ্রপিক স্বীকার করেছে, ডুয়েট এখনো প্রাথমিক পর্যায়ে আছে। ই-মেইল বা কথোপকথনের গুরুত্ব ভুল বুঝতে পারে, কোনটি জরুরি তা বুঝতেও ভুল করতে পারে। টিকিট বুকিংয়ের মতো ব্যক্তিগত কাজে এর সক্ষমতাও এখনো সীমিত। ব্যবহারকারীদের মতামত নিয়ে কার্যকারিতা ও নোটিফিকেশনের সময় আরও উন্নত করা হবে।

All Categories