চ্যাটজিপিটিতে ব্যক্তিগত চ্যাট লক করার নতুন ফিচার চালু

চ্যাটজিপিটিতে ব্যক্তিগত বা স্পর্শকাতর আলাপ অন্যের চোখ থেকে আড়ালে রাখতে নতুন একটি ফিচার যোগ করেছে ওপেনএআই। এখন থেকে নির্দিষ্ট কোনো চ্যাট পিন নম্বর দিয়ে লক করে রাখা যাবে। নতুন ‘লকড চ্যাটস’ ফিচারে লক করা কথোপকথন সাধারণ চ্যাট তালিকা, পিন করা চ্যাট ও সার্চের ফল—কোথাও দেখা যাবে না। চার অঙ্কের পিন দিয়ে এসব চ্যাট খুলতে হবে; সমর্থিত মোবাইলে ফেস আইডি, টাচ আইডি বা ডিভাইস আনলকও কাজ করবে।

কোনো কথোপকথন লক করতে চাইলে তার পাশের তিন ডট মেনুতে গিয়ে ‘লক চ্যাট’ বেছে নিতে হবে। প্রথমবার ফিচারটি ব্যবহারের সময় চার অঙ্কের একটি পিন বানিয়ে নিশ্চিত করতে হয়। পরে ‘প্রজেক্টস’ অংশের ‘লকড চ্যাটস’ থেকে পিন দিয়ে সুরক্ষিত চ্যাটগুলো দেখা যাবে। একই অ্যাকাউন্টে সমর্থিত অন্য ডিভাইস থেকেও পিন দিয়ে এগুলোতে ঢোকা সম্ভব।

লক করা চ্যাট সাধারণ তালিকা বা সার্চে না আসায় অন্য কাউকে ফোন বা কম্পিউটার দেখানোর সময় ব্যক্তিগত আলাপ হঠাৎ চোখে পড়ার ঝুঁকি কমবে।

ফ্রি, গো, প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ ও এডু—সব প্ল্যানের ব্যবহারকারীর জন্যই ফিচারটি আনা হচ্ছে। তবে পর্যায়ক্রমে চালু হওয়ায় সবার অ্যাকাউন্টে একসঙ্গে নাও আসতে পারে। ডেস্কটপের নতুন ম্যাক ও উইন্ডোজ অ্যাপের পাশাপাশি আইওএস ও অ্যান্ড্রয়েডেও এটি পাওয়া যাবে।

লকড চ্যাটকে অবশ্য পুরোপুরি নিরাপদ বা আলাদা এনক্রিপ্টেড ভান্ডার ভাবার সুযোগ নেই। ফিচারটি চালু করলে কথোপকথনে এন্ড-টু-এন্ড এনক্রিপশন যোগ হয় না। ওপেনএআইয়ের সার্ভারে তথ্য জমা রাখার নীতি বা মডেল প্রশিক্ষণে তথ্য ব্যবহারের সেটিংসও আগের মতোই থাকে।

পিন ভুলে গেলে সতর্ক থাকতে হবে। পিন রিসেট করলে আগের পিনে সুরক্ষিত সব লক করা চ্যাট, ফাইল ও অন্যান্য কনটেন্ট চিরতরে মুছে যায়। এ ছাড়া অস্থায়ী চ্যাট, আর্কাইভ করা চ্যাট, গ্রুপ চ্যাট, শেয়ার লিংক থেকে তৈরি কথোপকথন, নির্ধারিত কাজযুক্ত চ্যাট ও সভার রেকর্ডিংসহ চ্যাটে এই ফিচার কাজ করবে না। ওপেনএআই বলছে, ফিচারটি মূলত ব্যক্তিগত ও স্পর্শকাতর আলাপের জন্য।

All Categories