টেসলা ও স্পেসএক্সের একীভূতকরণের সম্ভাবনা প্রকাশ করেছেন মাস্ক
ইলন মাস্ক তার দুটি প্রতিষ্ঠান ‘টেসলা’ ও ‘স্পেসএক্স’-কে একীভূত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, বিষয়টি বর্তমানে সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। মঙ্গলবার স্পেসএক্সের ত্রৈমাসিক আর্থিক ফলাফল নিয়ে বিশ্লেষকদের সঙ্গে আলোচনায় মাস্ক জানান, ‘আমার কি মনে হয়, এটি ভালো ধারণা? হ্যাঁ’।
তবে তিনি সতর্ক করে বলেন, একীভূতকরণ নিশ্চিতভাবে হবে না। এ জন্য দুই প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের সমর্থন প্রয়োজন হবে। মাস্ক জানান, প্রস্তাবটি খতিয়ে দেখতে উভয় প্রতিষ্ঠানে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
মাস্ক বলেন, কোনও লেনদেনের শর্ত নিয়ে বিশেষ কমিটিগুলো এখনও ঐকমত্যে পৌঁছায়নি এবং তাদের ঐকমত্যে পৌঁছানোর নিশ্চয়তাও নেই। তবে তিনি মনে করেন, একীভূত হওয়ার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে এবং এর মাধ্যমে অনেক কিছু অর্জন করা সম্ভব।
টেসলার বাজারমূল্য প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার এবং স্পেসএক্সের মূল্য ২ ট্রিলিয়ন ডলার। দুই প্রতিষ্ঠান একীভূত হলে এটি ইতিহাসের অন্যতম বৃহৎ একীভূতকরণের ঘটনা হবে।
খবর প্রকাশের পর লেনদেন-পরবর্তী সময়ে স্পেসএক্সের শেয়ারের দাম ৮ শতাংশ বেড়েছে। অন্যদিকে, টেসলার শেয়ারের দামও ২ শতাংশ বেড়েছে।
স্পেসএক্স মহাকাশযান ও রকেট নির্মাণের পাশাপাশি স্টারলিংক ইন্টারনেট স্যাটেলাইট পরিচালনা করে। প্রতিষ্ঠানটি বর্তমানে ক্লাউড কম্পিউটিং ব্যবসা সম্প্রসারণ করছে। সর্বশেষ ত্রৈমাসিক ফলাফলে স্পেসএক্সের এ খাত থেকে আয় হয়েছে ৭৫০ কোটি ডলার। অন্যদিকে স্টারলিংক থেকে আয় এসেছে ৫২০ কোটি ডলার। তবে স্পেসএক্স এখনও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়নি, চলতি বছর প্রতিষ্ঠানটির লোকসান হয়েছে ১১০ কোটি ডলার।
মাস্ক গত এক বছর ধরে তার বিভিন্ন প্রতিষ্ঠানকে কম ব্যানারের অধীনে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন। চলতি বছরের শুরুতে স্পেসএক্স ‘এক্সএআই’ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ অধিগ্রহণ করেছে।
সম্প্রতি টেসলা ও স্পেসএক্সের যৌথ উদ্যোগে কম্পিউটার চিপ তৈরির প্রকল্প ‘টেরাফ্যাব’ চালুর ঘটনা দুই প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।
মাস্ক বলেন, চিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সফটওয়্যারসহ বিভিন্ন ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের কাজের ধরন বিবেচনায় পূর্ণাঙ্গ একীভূতকরণ যুক্তিযুক্ত হতে পারে। তবে তিনি জানান, সম্ভাব্য একীভূতকরণের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্বে থাকা বিশেষ কমিটিগুলোর কোনওটিতেই তিনি নেই। মাস্ক টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী হওয়ায় নিজেকে ‘স্বার্থের সংঘাত রয়েছে এমন পক্ষ’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, শেষ পর্যন্ত শেয়ারহোল্ডাররাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। একীভূতকরণের জন্য টেসলার অন্তত ৫০ শতাংশ শেয়ারহোল্ডারের অনুমোদন প্রয়োজন হবে, যা মাস্কের ভাষায় ‘বেশ কঠিন একটি বাধা’।
টেসলা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও মাস্ক সম্প্রতি প্রতিষ্ঠানটির সম্পদ ও সক্ষমতা রোবটিকস খাতে ব্যবহারের দিকে ঝুঁকছেন। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো খাতে স্পেসএক্সের মনোযোগ প্রতিষ্ঠানটির বাজারমূল্য বাড়িয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর বাজারমূল্যের দিক থেকে প্রতিষ্ঠানটি টেসলাকে ছাড়িয়ে গেছে।