ফেসবুকে নতুন মেট্রিক ‘ভিউয়ারস’ চালু, বন্ধ হচ্ছে ‘রিচ’
ফেসবুকে পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের পৌঁছানোর পরিমাপের জন্য ব্যবহৃত জনপ্রিয় মেট্রিক ‘রিচ’ বন্ধ করতে যাচ্ছে মেটা। ৩১ অক্টোবর থেকে নতুন ‘ভিউয়ারস’ নামের মেট্রিক চালু হবে। ফেসবুকের এক বিজ্ঞপ্তিতে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এখন পর্যন্ত ‘রিচ’ ব্যবহার করে জানা যেত যে কোনও পোস্ট বা কনটেন্ট কতটি পৃথক অ্যাকাউন্টের কাছে পৌঁছেছে। তবে আগামী ৩১ অক্টোবর থেকে এটি আর পাওয়া যাবে না। নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকটি পরিমাপ করবে কতটি অনন্য বা ইউনিক অ্যাকাউন্ট কনটেন্টটি দেখেছে।
এই পরিবর্তনের ফলে ফেসবুক পেজ পরিচালনাকারী, কনটেন্ট নির্মাতা, সংবাদমাধ্যম ও ডিজিটাল বিপণনকর্মীদের কাজের ধারায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। নতুন ব্যবস্থার মাধ্যমে পেজ পরিচালকেরা পোস্ট, ছবি, ভিডিও ও রিলসের পারফরম্যান্স ও দর্শকসংক্রান্ত তথ্য আরও বিশ্লেষণাত্মকভাবে বুঝতে পারবেন, যা ভবিষ্যতের কনটেন্ট ও প্রচারের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তবে ‘রিচ’ ও ‘ভিউয়ারস’ মেট্রিকের হিসাবের পদ্ধতি ভিন্ন হওয়ায় আগের পরিসংখ্যানের সঙ্গে নতুন তথ্যের তুলনা করা কঠিন হতে পারে। এর ফলে কনটেন্টের দীর্ঘমেয়াদি পারফরম্যান্স মূল্যায়ন এবং আগের বিপণন কৌশলের কার্যকারিতা বিচারে নতুন করে হিসাব মেলাতে হতে পারে।
এমন পরিস্থিতিতে ফেসবুক পেজ পরিচালকদের পুরোনো পরিসংখ্যান ও প্রতিবেদন দ্রুত সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন মেট্রিকের হিসাব পদ্ধতি আগেভাগেই বুঝে নিলে পরিবর্তনের পরও কনটেন্টের পারফরম্যান্স বিশ্লেষণ ও ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে।