ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, চলতি বছরে মোট প্রাণহানি ৩৭১
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ঘটেছে।
এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭১ জনের প্রাণ গেছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন রোগী।
অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৮০১ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫২১ জন রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে।
এ সময়ে অন্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২১৯, বরিশালে ১৫৯, খুলনায় ১৪৭, রাজশাহীতে ১১৩ ও ময়মনসিংহে ১০০ জন আক্রান্ত হয়েছেন। রংপুরে এ সংখ্যা ৩৮ এবং সিলেটে ২।