পরিবারের সমস্যায় সব দোষ কেন আপনার ঘাড়ে?
পরিবারে কোনো সমস্যা হলেই যদি সবার আঙুল আপনার দিকে ওঠে, তাহলে বিষয়টি ভেবে দেখা জরুরি। ঝগড়া, অশান্তি কিংবা কারও মন খারাপের দায় বারবার একজনের ঘাড়ে চাপানো হলে মনোবিজ্ঞানের ভাষায় তাকে ‘ফ্যামিলি স্কেপগোট’ বলা হয়।
এমন মানুষ প্রতিবাদ করলে ঝগড়াটে, কষ্টের কথা বললে অতিসংবেদনশীল আর দূরে সরে থাকলে স্বার্থপর তকমা পান। দীর্ঘদিন এই ধরনের আচরণ সহ্য করলে নিজের ওপরই আস্থা কমে যেতে পারে এবং তিনি ভাবতে শুরু করেন, সব সমস্যার মূলে আসলে তিনিই।
বিশেষজ্ঞদের মতে, পরিবারের অলিখিত নিয়ম নিয়ে প্রশ্ন তোলা বা পুরোনো সমস্যা সামনে আনার কারণেও অনেককে অশান্তির উৎস হিসেবে দেখা হয়। অথচ প্রশ্ন তোলা মানেই সমস্যা তৈরি করা নয়। নিজের ভুল থাকলে তা স্বীকার করা ভালো, তবে অন্যায্য দোষারোপ মেনে নেওয়ার কারণ নেই।
নিরাপদ পরিবেশ থাকলে অভিযোগের বদলে নির্দিষ্ট ঘটনা তুলে ধরে শান্তভাবে কথা বলা যায়। যেমন, কোনো সিদ্ধান্তে অন্যদেরও ভূমিকা ছিল কি না, সেটি মনে করিয়ে দেওয়া যেতে পারে।
তবে বারবার অপমান, ভয় দেখানো বা মানসিক চাপের মুখে পড়লে নিজের নিরাপত্তা ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিতে হবে। প্রয়োজনে বিশ্বস্ত কারও সাহায্য নিন কিংবা মানসিক স্বাস্থ্যবিশেষজ্ঞের পরামর্শ নিন।