ফটোসাংবাদিকদের আবারও সতর্ক করলেন সালমান খান
মুম্বাইয়ে ‘আইফা ২০২৭’-এর প্রচারণা অনুষ্ঠানে কারিনা কাপুর খানের পাশে নজরকাড়া সাজে হাজির হয়েছিলেন সালমান খান। ক্যামেরার ঝলকানির মধ্যেই তিনি আলোকচিত্রীদের আবার একটি পুরোনো অনুরোধ মনে করিয়ে দেন।
অনুমতি ছাড়া অস্বস্তিকর কোণ থেকে তারকাদের ছবি তোলার প্রবণতা নিয়ে আপত্তি জানিয়ে তিনি বলেন, অন্তত এটুকু সৌজন্য সবার কাছ থেকেই প্রত্যাশিত।
পোজ দেওয়ার ফাঁকে সালমান হাসিমুখে সতর্ক করেন, পেছন দিকের ছবির বিষয়টি যেন তাঁরা মাথায় রাখেন। তাঁর মতে, কোন অভিনেত্রী এমন ছবিতে আপত্তি করেন আর কে করেন না, তা বুঝে চলার বোধ ফটোসাংবাদিকদের থাকা দরকার।
এর আগে সেপ্টেম্বরে ‘বিগ বস ২০’-এর একটি পর্বেও নারী তারকাদের অশোভন ভঙ্গিতে ছবি তোলার বিরুদ্ধে তিনি কড়া অবস্থান নিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, এ ধরনের ছবি কোনো অভিনেত্রীই পছন্দ করেন না এবং এমন কুরুচিপূর্ণ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ালে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন।
এদিকে আইফা অ্যাওয়ার্ডসের ২৭তম আসর বসছে আবুধাবির ইয়াস দ্বীপের ইত্তিহাদ অ্যারেনায়। ২০২৭ সালের ২২ ও ২৩ জানুয়ারির এই আয়োজনে সঞ্চালকের দায়িত্বে থাকছেন বরুণ ধাওয়ান ও অনন্যা পান্ডে। তাঁদের সঙ্গে থাকবেন করণ জোহর ও মণীশ পল।