গিটার বাজানোর ভিডিওতে সাইফকে ‘কুল স্বামী’ বললেন কারিনা, মজার জবাব অভিনেতার
নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত নিয়মিত ইনস্টাগ্রামে ভক্তদের সামনে তুলে ধরেন বলিউড তারকা সাইফ আলী খান। সম্প্রতি ঘরে বসে ইলেকট্রিক গিটার বাজানোর একটি ভিডিও দিয়েছেন তিনি। সেই পোস্টের মন্তব্যের ঘরে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তার হাস্যরসপূর্ণ আলাপ ভক্তদের নজর কেড়েছে।
ভিডিওর ক্যাপশনে সাইফ লিখেছেন, ‘ছন্দ খুঁজে পেয়েছি, তাল হারিয়েছি, তবু দারুণ সময় কাটিয়েছি।’
ভিডিওতে দেখা যায়, নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হলুদ রঙের ইলেকট্রিক গিটার বাজাচ্ছেন সাইফ। তার সঙ্গে ছিলেন কয়েকজন সংগীতশিল্পী, যাদের কেউ কেউ ড্রামসহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন।
মন্তব্যের ঘরে কারিনা লেখেন, ‘বিশ্বের সবচেয়ে কুল স্বামী কে? বলতে পারি কি, আমার স্বামী?’
স্ত্রীর এমন প্রশংসায় রসিকতা করে সাইফ উত্তর দেন, ‘প্লিজ, নজর নজর।’ অর্থাৎ, এই প্রশংসায় যেন কারও কুনজর না পড়ে, মজার ছলে সেটাই বোঝাতে চেয়েছেন তিনি।
পাঁচ বছর প্রেমের পর ২০১২ সালে সংসার শুরু করেন এই তারকা দম্পতি। এক টক শোতে কারিনা জানিয়েছিলেন, বিয়ের প্রস্তাব দিতে সাইফকে তিনবার চেষ্টা করতে হয়েছিল। মুম্বাই ও গ্রিসে হয়নি, শেষ পর্যন্ত প্যারিসে গিয়ে প্রস্তাবে সম্মতি দেন তিনি।
সেই প্রসঙ্গে সাইফ একবার মজা করে বলেছিলেন, ‘মুম্বাইতেই রাজি হয়ে গেলে আমার অনেক টাকা বাঁচত।’