এআই কোম্পানির বিরুদ্ধে ঊর্বশীর আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা লস অ্যাঞ্জেলেসের একটি এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, কোম্পানিটি তার নাম, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে ব্যবসা করছে এবং এজন্য ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন।
ঊর্বশীর টিমের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘লস এঞ্জেলেসের একটি এআই কোম্পানি বিনা অনুমতিতে ঊর্বশীর নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে বিলিয়ন ডলারের ব্যবসা করছে।’
অভিনেত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘আপনারা নিজেদের এআই সংস্থার জন্য নিজস্ব ব্র্যান্ড তৈরি করুন, কিন্তু অনুমতি ছাড়া আমার নাম জড়াবেন না।’
সম্প্রতি ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তারকাদের ছবি-ভিডিও বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর আগে ঊর্বশীর ‘স্নানঘরের ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল, যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল এবং অনেকেই সেটিকে এআই-নির্মিত বা বিকৃত ভিডিও বলে সন্দেহ করেছিলেন।
এছাড়া, অভিনেত্রীর আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি এক রহস্যময় পুরুষের সঙ্গে দেখা যাচ্ছেন। তবে পরে দাবি করা হয়, ওই দৃশ্যগুলো সিনেমার অংশ। ফলে ভিডিওগুলোকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে।
এমন পরিস্থিতিতে ‘ডিপফেক’-এর অভিযোগে ঊর্বশী আইনগত পদক্ষেপ নিতে পিছপা হননি। তার এই পদক্ষেপ আবারও তারকাদের ছবি ও পরিচয় অনুমতি ছাড়া ব্যবহারের বিষয়টি সামনে এনেছে। সাম্প্রতিক সময়ে ঐশ্বর্য রাই বচ্চন, সালমান খান, বিবেক ওবেরয়, আল্লু অর্জুনসহ একাধিক তারকাও ডিপফেকের শিকার হয়েছেন এবং ব্যক্তিগত অধিকার ও পরিচয় রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছেন।