ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬৩
ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় দুই পক্ষের লড়াই ও সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৬৩ জন নিহত হয়েছেন। এই সময়ে দেশের বিভিন্ন স্থানে বেসামরিক হতাহতের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই পরিস্থিতিতে ইয়েমেনে মানবিক অবস্থার অবনতি ঘটছে।
মিডলইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষের ফলে প্রাণহানির তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
ইয়েমেনের সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি প্রদেশে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ২৩ জন সরকারি সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হুতিদের সামরিক সূত্র জানায়, সৌদি আরবের বিমান হামলা ও স্থলযুদ্ধে তাদের ৪০ যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
এদিকে, সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনের মানবিক পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।
ডুজারিক জানিয়েছেন, চলতি মাসের শুরু থেকে তাইজ, হোদেইদা, মারিব ও লাহিজ প্রদেশে ১৯টি ঘটনায় ৫৫ জন বেসামরিক হতাহত হয়েছেন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। নিহতদের মধ্যে ১০ শিশুসহ ১৬ জন রয়েছেন।
তিনি আরও জানান, মানবিক সহায়তা পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন বাধা, অর্থের সংকট এবং মানবিক সহায়তা সংস্থাগুলোর স্থাপনায় নিরাপত্তাজনিত ঘটনার কারণে আন্তর্জাতিকভাবে ত্রাণ ও সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।