রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট পুনরায় চালু, হুথিদের সতর্কতা

দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার কারণে বিমানবন্দরটি বন্ধ ছিল। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডারের তথ্য অনুযায়ী, রোববার সকালে রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে গেছে।

গ্রীষ্মে দীর্ঘদিনের যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সৌদি আরব ও ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে লক্ষ্য করে হুথিরা একের পর এক হামলা চালিয়েছে। এ মাসে রিয়াদ বিমানবন্দরে এক হামলায় ১৩ জন নিহত ও ৩০০–এর বেশি মানুষ আহত হন। গত এক দশকের বেশি সময়ে দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা।

শনিবার এক্সে দেওয়া বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রোববার থেকে টার্মিনাল ১ ও ২ দিয়ে জাতীয় এয়ারলাইনগুলোর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট চলবে।

তবে ফ্লাইট শুরুর পরপরই হুথিরা হুঁশিয়ারি দিয়েছে, বিমানবন্দরটি এখনো নিরাপদ নয় এবং তাদের কাছে সামরিক লক্ষ্যবস্তু। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সব দেশি-বিদেশি এয়ারলাইনকে কর্মী ও যাত্রীসহ এ বিমানবন্দর ব্যবহার না করতে সতর্ক করেন। তাঁর ভাষ্য, এখানে কোনো কার্যক্রম চালানো হলে তার দায় সৌদি কর্তৃপক্ষকে নিতে হবে।

এর মধ্যে রোববার সকালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট রিয়াদ অঞ্চলে হুথিদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

All Categories