আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনা ছিল রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার। ত্রয়োদশ সংশোধনী নিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালত বাতিল করেছেন, ফলে ব্যবস্থাটি বিচারিকভাবে ফিরে এসেছে। এবার সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন করে এটি পুনরায় চালু করা হবে।
দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, এবার ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর আগাম প্রস্তুতি এবং প্রযুক্তির সাহায্যে নিরন্তর নজরদারির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আগামী বছরগুলোতেও এ ধারা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।