লগি-বৈঠার ঘটনার দুই দশক উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি দিল জামায়াত
আগামী ২৭ ও ২৮ অক্টোবর দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (২৫ অক্টোবর) দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।
বিবৃতিতে তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার ঘটনাকে দেশের রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, ওই ঘটনার দুই দশক পূর্ণ হতে চললেও এখনো দোষীদের বিচার হয়নি। জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে তিনি সরকারের প্রতি দাবি জানান।
দলটির কর্মসূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ঢাকা মহানগরীতে আলোচনা সভা হবে, যেখানে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির। ২৮ অক্টোবর সারাদেশে বিক্ষোভ, আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হবে।
গোলাম পরওয়ার দলের সব শাখাকে এসব কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি সফল করতে কৃষক, শ্রমিক, ছাত্র-জনতাসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।