ভাড়া নিয়ে বিরোধে বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু
খুলনায় বাড়িভাড়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে বাড়িওয়ালার হামলায় রকিবুল ইসলাম (২৪) নামে এক তরুণ ভাড়াটিয়া প্রাণ হারিয়েছেন। ঘটনার পর বাড়িওয়ালা মজলিশ খানকে পুলিশ হেফাজতে নিয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া শতরূপার মোড় এলাকার বকুল বাগানে এ ঘটনা ঘটে। লাঠির আঘাতে গুরুতর জখম হওয়া রকিবুল রোববার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।
স্থানীয় ও পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, ভাড়া নিয়ে মজলিশ খান ও রকিবুলের মধ্যে বিবাদ বাধে। এক পর্যায়ে লাঠি দিয়ে আঘাত করলে রকিবুল মারাত্মক আহত হন। স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ভাড়া নিয়ে বিরোধের মধ্যেই লাঠির আঘাতে রকিবুল গুরুতর আহত হয়েছিলেন। বাড়িওয়ালাকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।