রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে ২ নিহত

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরি করে পালানোর সময় গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) ভোরে বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর এলাকার একটি বড় সেচ খালের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোহালী ইউনিয়নের বাগডহরার রেজাউল ওরফে কানা (৪২) ও কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)। স্থানীয়দের দাবি, তাঁরা একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাচ্ছিলেন।

অটোরিকশার মালিক বড়বিলের বাগপুর দক্ষিণপাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল। তিনি জানান, ভোরে ঘরের তালা কেটে চোরেরা অটোরিকশাটি নিয়ে যাচ্ছিল। তিনি ঠেকানোর চেষ্টা করলে তাঁকে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর তাঁর চিৎকারে পাশের মসজিদের মুসল্লিরা বেরিয়ে আসেন এবং মসজিদের মাইকে চুরির খবর ঘোষণা করা হয়।

ঘোষণা শুনে আশপাশের লোকজন চোরদের ধাওয়া করেন। অভিযুক্ত দুজন আধা কিলোমিটার দূরে অটোরিকশাটি ফেলে ধানখেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে স্থানীয়রা তাঁদের ঘিরে ফেলেন এবং পিটিয়ে মেরে ফেলেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনাস্থলে সেচ খালের মধ্যে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সুরতহাল করে এবং মরদেহ থানায় নিয়ে আসে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

All Categories