যুদ্ধের ফলে খাদ্য সংকটে ভুগছেন অনেক মানুষ: পেজেশকিয়ান

চলমান যুদ্ধের চাপে ইরানের অর্থনীতি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে বহু মানুষ নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে পারছেন না। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেই এ কথা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের প্রভাবে এই সংকট তৈরি হয়েছে বলে তিনি জানান।

এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ ও তার পরিস্থিতির কারণে সমাজের একটি বড় অংশ পরিবারের জন্য দু'বেলা খাবার জোটাতেও কষ্ট করছে।

দেশে চলা 'যুদ্ধও নয়, শান্তিও নয়' অবস্থার অবসান চেয়ে পেজেশকিয়ান বলেন, তেহরানকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। তবে কোন পথে সরকার তা করবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি।

ওয়াশিংটন ধাপে ধাপে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, এর মধ্যে ইরানি বন্দর অবরোধও রয়েছে। এতে দেশটির তেল রপ্তানি ও বাণিজ্য গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। অন্যদিকে বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানও কড়াকড়ি অব্যাহত রেখেছে।

All Categories