সুন্দরবনের উন্নয়নে বাজেটে ১,২০০ কোটি রুপির বিশেষ বরাদ্দ, জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু
সুন্দরবন অঞ্চলের উন্নয়নে চলতি বাজেটে ১ হাজার ২০০ কোটি রুপির বিশেষ বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (২৪ অক্টোবর) সুন্দরবনে এক প্রশাসনিক বৈঠকের পর আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অঞ্চলটির প্রায় ১ লাখ ২৪ হাজার মানুষের কথা মাথায় রেখে এ বরাদ্দ দেওয়া হয়েছে বলে তাঁর দাবি।
সুন্দরবনের এই পিছিয়ে থাকার জন্য আগের তৃণমূল কংগ্রেস সরকারকে দায়ী করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরে ৬০০ কোটি রুপি বরাদ্দ থাকলেও কাজ হয়েছে মাত্র ২০০ কোটি রুপির; বাকি প্রায় ৮০ শতাংশ অর্থ আত্মসাৎ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, প্রথম ধাপে ৫৫৩টি প্রকল্পের দরপত্র ডাকা হয়েছে এবং শিগগিরই কাজ শুরু হবে। দ্বিতীয় ধাপে আরও ২ হাজার ৬৪৯টি প্রকল্প নেওয়া হবে। এসবের মধ্যে রয়েছে সড়ক, নিষ্কাশন ব্যবস্থা, কালভার্ট ও জেটি নির্মাণ, বিদ্যুৎচালিত নৌকা এবং মৎস্য ও কৃষি খাতের সহায়তা কর্মসূচি।
তিনি আরও জানান, ১ হাজার ৪০৬ কোটি ৩৪ লাখ রুপি ব্যয়ে ১ হাজার ১৬৯টি সড়ক প্রকল্প, নিষ্কাশন ব্যবস্থা ও ১১০টি কালভার্ট তৈরির পরিকল্পনা আছে। দুর্গম দ্বীপগুলোর যোগাযোগ উন্নত করতে পাঁচটি কংক্রিটের জেটি এবং যানবাহন ও পণ্য পরিবহনের জন্য আরেকটি জেটি করা হবে। পর্যটনে দূষণ কমাতে বিদ্যুৎচালিত নৌকার জন্য ১০০ কোটি রুপি রাখা হয়েছে।
মৎস্য খাতে আলাদাভাবে ১৭ কোটি রুপি বরাদ্দ রয়েছে এবং ১ হাজার ৯৩১ জনকে কাঁকড়া মোটাতাজাকরণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন বাড়াতে ১৩ হাজার ৮৭৭ কৃষক ব্যাটারিচালিত স্প্রেয়ার পাবেন।
মুড়িগঙ্গা নদীর ওপর প্রস্তাবিত সেতু নিয়ে আগের সরকার মানুষকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করে শুভেন্দু প্রতিশ্রুতি দেন, ২০২৯ সালে তিনি নিজে এই সেতুর উদ্বোধন করবেন।