নাহিদ ইসলামকে সংসদ সদস্য পদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। গত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রত্যাশার কথা জানান।
পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্ষমতাকে শেখ হাসিনার মতো অবৈধ বলে মন্তব্য করেছেন। তাঁর প্রশ্ন, যে সংসদে সরকারি দল বিএনপি অবৈধ হয়ে যায়, সেখানে বিরোধীদলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলামের অবস্থান কীভাবে বৈধ থাকে।
রাশেদ খাঁনের মতে, এমন মন্তব্যের আগেই নাহিদ ইসলামের সংসদ থেকে পদত্যাগ করা উচিত ছিল। মন্তব্য করে ফেলার পর এখন পদত্যাগ না করলে তাঁর নৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে বলেও তিনি মনে করেন।
পোস্টের শেষ অংশে তিনি আশা প্রকাশ করেন, নাহিদ ইসলাম পদ ছেড়ে দিয়ে রাজপথের আন্দোলনে নেমে এনসিপির প্রকৃত জনসমর্থন প্রমাণ করবেন।