হোটেল-রিসোর্টকে বিদেশি আয়ের ১৫ শতাংশ ডলারে রাখার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক কার্ডে বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও শপিংমলের মতো প্রতিষ্ঠান যে বৈদেশিক মুদ্রা পায়, তার সর্বোচ্চ ১৫ শতাংশ তারা নিজেদের এফসি হিসাবে রেখে দিতে পারবে। বাকি ৮৫ শতাংশ প্রচলিত নিয়মে টাকায় রূপান্তর করতে হবে।

রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সব অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশনাটি জানিয়ে দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, এফসি হিসাবে রাখা অর্থ বৈধ আন্তর্জাতিক লেনদেন এবং ভ্যাটসহ প্রযোজ্য অন্যান্য কর পরিশোধে ব্যবহার করা যাবে। এতে প্রতিষ্ঠানগুলো বৈধ বিদেশি লেনদেনের প্রয়োজনে জমানো মুদ্রা কাজে লাগাতে পারবে।

তবে আন্তর্জাতিক কার্ডে লেনদেন নেওয়ার উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের বিধিমালা এবং গ্রাহক পরিচিতি যাচাইয়ের (কেওয়াইসি) নির্দেশনাও মানতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপে বিদেশি পর্যটক ও ক্রেতাদের কাছ থেকে কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রা গ্রহণ এবং তা দিয়ে বৈধ আন্তর্জাতিক লেনদেন চালানো সহজ হবে বলে আশা করা হচ্ছে।

All Categories